আসিফ নজরুলের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামের (আসিফ নজরুল) একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটি যুদ্ধাপরাধ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।গত বুধবার রাতে আসিফ নজরুলের কক্ষে তালা ও আগুন লাগানোর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।বিবৃতিতে বলা হয়েছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ সম্পর্কে আসিফ নজরুলের একটি উক্তিকে কেন্দ্র করে আইন বিভাগে তাঁর কক্ষে তালা লাগানো এবং কক্ষের সামনে আগুন দেওয়ার বিষয়টি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। কারও উক্তির বিরোধিতা করতে গিয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে বিশ্ববিদ্যালয় কখনোই প্রশ্রয় দিতে পারে না। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে মতামত দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তাঁদের কোনো উক্তি যেন মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসরদের দ্বারা নির্যাতিত ব্যক্তি ও তাঁদের স্বজনদের অনুভূতিতে আঘাত না করে। তাঁদের মন্তব্য যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর না হয়।