আসিফ নজরুলের কক্ষে আগুনের ঘটনায় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘শ্লোগান-৭১’।বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদা প্রথম আলোকে বলেন, রাতে তালা ও আগুন দেওয়ার ঘটনা অনুষদের নিরাপত্তার জন্য হুমকি। কীভাবে এ ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।যুদ্ধাপরাধীদের পক্ষে একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার অভিযোগ এনে গত বুধবার রাতে শ্লোগান-৭১ সংগঠনের নেতা-কর্মীরা ওই শিক্ষকের কক্ষে তালা ও আগুন দেন। গতকাল উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটি বলেছে, গত ৩১ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে আসিফ নজরুল বলেছেন, ‘সাঈদী একাত্তরে যুদ্ধাপরাধে কোনোভাবেই জড়িত ছিলেন না। কারণ, তিনি তখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।’সংগঠনের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, বুধবার রাতে সংগঠনের ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই শিক্ষকের কক্ষে তালা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তখন কেউ একজন দরজায় আগুন দেওয়ার চেষ্টা করে।এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে বিভাগকে বলা হয়েছে। তারা অনুসন্ধান করে এ বিষয়ে মতামত দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।আসিফ নজরুলের বক্তব্য: আসিফ নজরুল জানিয়েছেন, সাঈদী যুদ্ধাপরাধী নন, এটি তিনি কখনোই বলেননি। তিনি বলেছিলেন, ‘অন্য যারা গ্রেপ্তার হয়েছে, তাদের ক্ষেত্রে যুদ্ধাপরাধের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে; কিন্তু সাঈদী যেহেতু একাত্তরে তুচ্ছ একজন ব্যক্তি ছিল, তাই তার বিষয়ে কিছুটা সন্দেহ আছে। আমি এ-ও বলেছিলাম যে ট্রাইব্যুনালে তার বিচার সম্পন্ন হলে আমরা বিষয়টি বুঝতে পারব।’আসিফ নজরুল বলেন, এই বক্তব্য বিকৃতভাবে একটি ওয়েব পাতায় ছাপানো হয় এবং পরে তা ব্লগে প্রচার হওয়ায় দুঃখজনক ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমি সারা জীবন সোচ্চার ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’