আসিফ নজরুলের বিষয়ে শুনানি ২৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে করা রিটের রুলের ওপর শুনানি হবে ২৪ মে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। গতকাল আসিফ নজরুলের পক্ষে শুনানিতে কামাল হোসেন বলেন, আদালত অবমাননাকারীদের মতো রিট আবেদনের বিবাদীদের আদালতে দাঁড় করিয়ে রাখা যায় না। রিটের বিবাদীরা আসামি নন। সঙ্গে ছিলেন আইনজীবী তানিম হোসেইন শাওন। আদালত বলেন, ‘আইনজীবীদের আসনে বিচারপ্রার্থীদের বসার অনুমতি আমরা দিতে পারি না।’ কামাল হোসেন বলেন, ‘বসার জায়গা না থাকলে সেটা অন্য কথা। গণ-আদালতের বিষয়ে রাষ্ট্রদ্রোহের মামলায় জাহানারা ইমামের সঙ্গে সহ-অভিযুক্ত ছিলেন আসিফ নজরুল। আজ দিনবদলের পরও তিনি অভিযুক্ত হবেন, সেটা হতে পারে না।’আদালত বলেন, ‘কিন্তু মত প্রকাশের স্বাধীনতার একটা সীমা থাকতে হবে। এটা সীমাহীন হতে পারে কি? আদালত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে।’ সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত ২৪ মে শুনানির দিন ধার্য করেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ হাইকোর্ট আসিফ নজরুলের প্রতি রুল জারি করেন। পাশাপাশি তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। ১৫ এপ্রিল শুনানির সময় এজলাসকক্ষে দাঁড়িয়ে ছিলেন আসিফ নজরুল। ওই দিন আদালত অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় কয়েকজন আইনজীবীর নাম ঘোষণা করেন।