আসিফসহ চার ব্লগারের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা দুটি মামলায় চারজন ব্লগারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলা দুটির বিচার শুরু হলো।

ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক গতকাল রোববার শুনানি শেষে এ দুই মামলায় অভিযোগ গঠন করেন। আগামী ৬ নভেম্বর এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এ দুটি মামলার মধ্যে একটিতে আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে এবং অপর মামলায় মশিউর রহমান, সুব্রত অধিকারী, রাসেল পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। তবে জামিনে থাকা চার আসামিই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১৭ এপ্রিল আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে একটি এবং রাসেল পারভেজসহ তিনজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে অপর একটি পুলিশ প্রতিবেদন (প্রসিকিউশন) দেয়। প্রতিবেদনে বলা হয়, আসামি মশিউর রহমান, সুব্রত অধিকারী ও রাসেল পারভেজ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ধর্ম সম্পর্কে কটূক্তি করেন। অপর মামলার প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসিফ মহিউদ্দীন নিজেকে নাস্তিক ব্লগার বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে তদন্তে প্রধানমন্ত্রীর বিষয়ে ব্লগে আপত্তিকর ভাষায় মন্তব্যের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

গত ১ এপ্রিল মশিউর, রাসেল ও সুব্রতকে আটক করা হয়। এর দুই দিন পর আটক করা হয়েছিল আসিফকে।

গত ১৪ জানুয়ারি উত্তরায় নিজ কর্মস্থলের সামনে ব্লগার আসিফ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।