আসিফের জামিনের স্থগিতাদেশ চলবে
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া আসিফ আদনানের জামিনের স্থগিতাদেশ চলমান থাকবে জানিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট পক্ষগণকে বলা হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আসিফের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ওই আবেদনটি করে রাষ্ট্রপক্ষ। আবেদনের ওপর গত বৃহস্পতিবার শুনানি হয়। শুনানি শেষে আদালত আজ (রোববার) আদেশের দিন ধার্য করেন।
বৃহস্পতিবার আবেদনের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসিফের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন আসিফ। সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গত ১০ নভেম্বর তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসিফের জামিন আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়।
হাইকোর্টে জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, আসিফের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অপরাধ সংঘটনের কথা বলতে পারেনি পুলিশ। আবেদনকারীর বাবা একজন সাবেক বিচারক। তিনি উচ্চ শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পালিয়ে যাবেন না। আদালত চাইলে তাঁর পাসপোর্ট রেখে দিতে পারেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির বলেন, আসামি আল-কায়েদা নেতা জাওয়াহিরির বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ব্রিটেন থেকে আসা আইএস জঙ্গির সঙ্গে যোগাযোগ ও সভা করেছেন। অপরাধের ষড়যন্ত্র করাও অপরাধ। বিদেশে অপরাধ করার পরিকল্পনা করলেও সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ। এ ধরনের আসামি জামিন পেতে পারেন না।
শুনানি শেষে আসিফের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
গত সেপ্টেম্বরের শেষ দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে আসিফসহ দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর ডিবি দাবি করে, ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহ করতে যুক্তরাজ্যপ্রবাসী এক বাংলাদেশি ছয় মাস ধরে এ দেশে অবস্থান করছেন। ওই দুজন গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।