দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে সৃষ্ট সংকট মোকাবিলায় আসিয়ানের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। গতকাল শুক্রবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে উদ্ধার হওয়া সাড়ে চার হাজারের বেশি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীর জন্য একটি মানবিক সহায়তা তহবিল ও যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে আসিয়ান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এ ফোরামের মন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
ইউএনএইচসিআরের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক প্রতিনিধি ও আঞ্চলিক সমন্বয়ক জেমস লিনচ বলেন, ‘চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী পদক্ষেপে আমরা পূর্ণ সমর্থন জানাই।’
এদিকে জাতিসংঘ আসিয়ানের প্রস্তাবকে স্বাগত জানালেও মানবাধিকার গোষ্ঠীগুলো এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একে নিছকই এক টোকেন (প্রতীকী) সহায়তা প্রস্তাব বলে আখ্যায়িত করেছে।