আসিয়ানাপোলের পর্যবেক্ষকের মর্যাদা পেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিয়ানভুক্ত দেশগুলোর পুলিশ বাহিনীর জোট আসিয়ানাপোলের পর্যবেক্ষকের মর্যাদা (অবজারভার স্ট্যাটাস) পেয়েছে বাংলাদেশ পুলিশ। গত মার্চে কম্বোডিয়ার নমপেনে অসিয়ানাপোলের ৪০তম বার্ষিক সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয়।

আজ বুধবার বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিয়ানাপোলের অবজারভার স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ পুলিশ ও অসিয়ানাপোলের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এতে বাংলাদেশের পুলিশ সাইবার অপরাধ, সন্ত্রাস-জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অসিয়ানাপোলের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং এই অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের ক্ষেত্র তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশনায় পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা থেকে আসিয়ানাপোলের অবজারভার স্ট্যাটাসের জন্য আসিয়ানাপোল সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করার পর এ স্বীকৃতি পাওয়া গেছে। বর্তমানে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (আইসিআরসি), রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) ও বাংলাদেশ পুলিশসহ নয়টি সংস্থার আসিয়ানাপোলের অবজারভার স্ট্যাটাস রয়েছে।

আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর (ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম) মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত একটি জোট। আসিয়ান সদস্যভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে পুলিশি সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবিলার জন্য ১৯৮১ সালে আসিয়ানাপোল গঠন করে।