আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, আসুন দেশের প্রচলিত আইন ও সংবিধানের আওতায় আগামী সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পন্থা আলোচনার মাধ্যমে বের করি। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন ও কাউন্সিল উপলক্ষে গতকাল রোববার দুপুরে শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি যতীন্দ্রলাল ত্রিপুরার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিডিএর চেয়ারম্যান আবদুচ সালাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, সহসভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও কংজরী চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম।সমাবেশের পর বিকেলে খাগড়াছড়ি টাউন হলে জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জাহেদুল আলম। কাউন্সিল অধিবেশনে নির্বাচন পরিচালনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি।