আসুন না, একটু মানবিক হই

করোনা বিপর্যয় জীবনপ্রকৃতিকে সহসা পাল্টে দিয়েছে! সভ্যতার ইতিহাসের বড় বড় রূপান্তরে শক্তিশালী মানুষ আজ অসহায়। ক্রমাগত মানুষ ধ্বংস করে এসেছে বিভিন্ন প্রজাতি। পৃথিবীর প্রায় ৭৫০ কোটি মানুষ, যারা মাত্র সব প্রজাতির মাত্র শূন্য দশমিক ১ ভাগ, তারাই লুপ্ত করেছে ৮০ ভাগ বন্য প্রাণী ও ৫০ ভাগ উদ্ভিদ, ভাবা যায়! আজ এক সামান্য অণুজীব ভাইরাস যখন দাবার ঘুঁটি উল্টে দিল, পৃথিবীর চালচিত্র গেল পাল্টে। অসহায় আমরা অনুভব করতে লাগলাম প্রকৃতির ওপর আমাদের এত দিনকার অত্যাচার।
মানুষ হলো ঘরবন্দী, প্রাণীরা পেল মুক্ত পৃথিবী। আজ ব্যাংককের রাস্তায় বানরের দল। ইসরায়েলের রানওয়েতে পাখিরা কী সুন্দর বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতে গরুর দল হেলেদুলে পিচঢালা পথে। ময়ূর পাখা মেলেছে বনে নয়, দিল্লির পথে। সমুদ্রে খেলছে ডলফিন। বেলাভূমিতে লাল কার্পেট বিছিয়েছে লাল কাঁকড়ার দল। প্রাণীরা আজ ভোগ করছে অবাধ স্বাধীনতা।
বাইরের ঝলমলে জগৎ যখন মুখ ফিরিয়েছে, ঘরের একটা ছোট্ট গৃহপালিত প্রাণী হয়ে উঠছে মানুষদের আনন্দজগৎ, মনোজগৎকে আলোকিত করে রেখছে। বিশ্বসেরা ক্রিকেটার বা সেলিব্রিটি শুধু নয় অনেকেই প্রিয় পোষা প্রাণীর সঙ্গে চমৎকার সময় কাটাচ্ছে এই করোনা আতঙ্ক ঘরবন্দী দিনে।
যুগে যুগে মানুষ–প্রাণীকুলকে নিজের স্বার্থে ব্যবহার করে এসেছে। ভুলে যাই আদিম যুগ থেকে এ পর্যন্ত এরাই মানুষের অন্ন জুগিয়েছে। ইতিহাসে মানবসভ্যতার উন্নয়নে, যুদ্ধে ভূমিকা রেখেছে। মানুষের বাহন হয়েছে। নিরাপত্তা, বিনোদন, অর্থ, সব দিয়েছে পশু পাখির দল। মানুষকে সুস্থ রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞানীরা ওষুধ ও টিকা আবিষ্কারের এক্সপেরিমেন্ট হিসেবে অসংখ্য প্রাণীকে প্রাণ দিতে হয়েছে যুগে যুগে। তবে ইতিহাস বলে বিবর্তনের ধারায় মানবসভ্যতারও অবলুপ্তি ঘটবে।
মানুষই পশুপ্রাণীর প্রতি সব সময়ই অমানবিক, অন্যায়, অত্যাচার করে এসেছে যুগে যুগে। প্রাত্যহিক জীবনে প্রাণীদের প্রতি হিংস্রতা দেখে দেখে কেমন অভ্যস্তও হয়ে গেছে। কোরবানি ঈদে ট্রাক গাদাগাদি করে পা–মুখ বাঁধা অভুক্ত গরুগুলোর কষ্ট আমরা দেখি না, দেখি ব্যবসা। ক্ষুধার্ত বাছুরের মুখ থেকে ছিনিয়ে মা গাইয়ের স্ফিত স্তনের দুধ দুইয়ে নিজের সন্তানের ক্ষুধা মিটাই আমরা।
বাজারে খাঁচায় ঠাসাঠাসি মুরগির ছটফটানি আমাদের অনুভব করি না। বিক্রেতা হাত ঢুকিয়ে টেনেহিঁচড়ে দুর্ভাগা প্রাণীটাকে বের করে সাঁই করে গলায় ছুরি চালিয়ে অর্ধমৃত অবস্থায় ব্রয়লার মেশিনে ছুড়ে দিচ্ছে। শ্রেষ্ঠ জীব মানুষেরা জীবজন্তুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করতেই পারি!
কদিন আগে রমনা পার্কের লেকের পানিতে কে বা কারা বিষ মিশিয়ে রেখেছিল। সকালে হাঁটতে গিয়ে দেখি শত শত মাছ পানির ওপর উঠে বেঁচে থাকার যুদ্ধ করছে।
ক্ষেতে ছিটানো সার/ কিটনাশকে মরছে পাখি, ফড়িং, পোকা, ইদুর। দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন লাগিয়ে জ্যন্ত গরু পুড়িয়ে মারছে। পত্রিকায় দেখলাম, এক কৃষকের খেতে বিষ ছড়িয়ে রাখলে মারা গেছে বহু শালিক। ‘বন্যেরা বনে সুন্দর...’ বাক্য ভুলে আমরা খাঁচায় পুরি বনের পাখি, বাঘ, ভালুক।
আজ করোনা বিপর্যয় অনেককে মানবিক হতে শেখাচ্ছে। সহৃদয়বান অনেক মানুষ গরিব জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গে রাস্তার অভুক্ত কুকুরকে খাবার দিচ্ছে। এমন অভূতপূর্ব মানবিকতার দৃশ্য আর কি কখনো দেখেছে এ দেশ! কাঁটাবনে পশুপাখির দোকানে ও চিড়িয়াখানায় প্রাণীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। নিজের ঘরের পালিত কুকুর বা বিড়ালটিকে আরও বেশি যত্ন করছে।
করোনা বিপর্যয়ে হুমকির মুখে আছে প্রাণিসম্পদও। এই সম্পদ ধ্বংস হওয়ার আগে ভাবার সময় এসেছে আমাদের প্রাণিজ খাবারের ওপর ক্রমে নির্ভরশীলতা কমিয়ে উদ্ভিদজাত খাবারে অভ্যস্থ হওয়া যায় কি না। যার যার অবস্থান থেকে প্রাণীদের প্রতি মানবিক হওয়ার সময় এসেছে প্রাণিকুলের ঋণ শোধ করার।
রাস্তায় মানুষ চলবে, গাড়ির চাকায় সভ্যতা এগিয়ে যাবে। প্রকৃতি নিজের মতন স্থান করে নেবে পৃথিবীর বুকে। প্রাণিকুল অরণ্যে, সমুদ্রে, পাহাড়ে নির্ভয়ে যার যার নিজের জায়গায় থাকবে। আবার সেই কথায় ফিরি, ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।
মানুষ হবে কল্যাণের ধ্বংসের নয়। ঈশ্বর শুধু মানুষের নয়, ঈশ্বর ওই নদী সাগরের, বন–পাহাড়ের আর ওই কীটপতঙ্গ থেকে সব প্রাণীর। ঈশ্বর সবার।
*লেখক: চিকিৎসক, সেগুনবাগিচা