মুক্তির গান আর মাটির ময়না সিনেমার পরিচালক তারেক মাসুদের কথা কি মনে আছে? ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক। সেদিন তাঁর সঙ্গে ছিলেন সাংবাদিক মিশুক মুনীর। এই দুজনসহ সেদিন পাঁচজন মারা যান।
প্রতিদিনই ১০ থেকে ১২ জন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। প্রতিটি সড়ক দুর্ঘটনা পরিবারের জন্য কান্না হিসেবে আমাদের সামনে আসে। ঝলমলে আনন্দময় সংসারে নেমে আসছে অন্ধকার। আসলেই কি খুব কঠিন এই মৃত্যুর মিছিল থামানো?
আমাদের মনে হয়, না। কারণ এই দুর্ঘটনাগুলোর অধিকাংশের কারণ আমাদের জানা। অনিরাপদ সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, সড়কে চলাচলকারীদের অসাবধানতা এবং গাড়িচালকদের বেপরোয়াভাব, অনভিজ্ঞতা ও অজ্ঞতার মতো কারণগুলোর সবই সমাধান সম্ভব, খুবই সম্ভব। এ জন্য অনেক নতুন আইন করতে হবে এমনও নয়। যদিও একটি নতুন আইনের খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ১৬ অক্টোবর প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, যে আইন আছে সেগুলোর সঠিক প্রয়োগই অনেকখানি এগিয়ে নিতে পারে আমাদের। ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকারে সই করেছি আমরা। কাজেই আরও জোরদার করতে হবে আমাদের নানামুখী কর্মকাণ্ড। এককভাবে সরকারের ওপর সব দায়দায়িত্ব চাপিয়ে দিয়ে বেশি দূর এগোনো যাবে না। সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন হতে হবে, আওয়াজ তুলতে হবে।
বিশেষজ্ঞরা বলবেন অনিরাপদ সড়কগুলোকে নিরাপদ করতে হলে কী করতে হবে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সঠিক প্রশিক্ষণ ছাড়া যে কেউ যাতে গাড়িচালক হতে না পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু যারা এরই মধ্যে গাড়িচালক হয়ে গেছে, তাদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করতে হবে। সে আয়োজন যে কেউ করতে পারে, করতে হবে। আমাদের যেসব শিক্ষার্থী হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে জীবন দিচ্ছে, তাদেরও বোঝাতে হবে জীবনের মূল্য।
বিগত এক দশকে বাংলাদেশের প্রায় ১ কোটি লোক দারিদ্র্যসীমা পার হয়ে এসেছে, গড়ে সাড়ে ৬ শতাংশ হারে জাতীয় প্রবৃদ্ধি হয়েছে, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প আমরা নিজেরাই এখন করতে পারি। আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে পারব না? এই অহেতুক মৃত্যু কি রোধ করতে পারব না?
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে প্রথম আলোর সাংবাদিকদের পাঠানো তথ্য আমরা সংরক্ষণ করছি। এতে দেখা গেছে, গত ১১ ফেব্রুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২৪৮ দিনে মারা গেছেন ২ হাজার ২২৩ জন। গড়ে দিনে মারা যাচ্ছেন প্রায় ১০ জন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশল ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বেলা তিনটায়। ‘সড়ক দুর্ঘটনা রোধে চাই কার্যকর উদ্যোগ’ শীর্ষক এই আলোচনার যৌথ আয়োজক নিরাপদ সড়ক চাই, পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি), ব্র্যাক ও প্রথম আলো। সেখানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে আলোর সন্ধান করি, পথের সন্ধান করি। যাঁরা সড়ক দুর্ঘটনা নিয়ে ভাবেন, যাঁরা ভুক্তভোগী, যাঁদের পরিবারের সদস্যরা মারা গেছেন সড়ক দুর্ঘটনায়, সবাই আমরা এক হই।
সবাই মিলে মৃত্যুর এই মিছিল থামাই।
আমরা পারব। আমাদের পারতেই হবে।