আসুন শিশু গৃহকর্মীদের প্রতি মানবিক হই
আলোচনা
আব্দুল কাইয়ুম
গৃহকর্মে নিয়োজিত শিশুদের ওপর শারীরিক, মানসিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের অমানবিক ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। অনেক সময় থাকা-খাওয়ার ক্ষেত্রেও তাদের সঙ্গে চরম অন্যায় আচরণ করা হয়।
মেয়েশিশুর ওপর নিপীড়নের ঘটনাও ঘটছে। এর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়া প্রয়োজন। আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনা করবেন মো. মুজিবুল হক।
মো. মুজিবুল হক

অনেক আগে থেকেই গৃহকর্মীদের ওপর নির্যাতন হচ্ছে। অনেকে গৃহকর্মীদের মানুষ মনে করে না। তাদের প্রয়োজনীয় খাবার দেওয়া হয় না। থাকার জায়গা নেই। তাদের যেন কোনো অসুস্থতা থাকতে পারে না। গণমাধ্যমে এদের নির্যাতনের বিষয়ে লেখালেখি হয়। অনেক এনজিও, শ্রমিক সংগঠন এদের জন্য কথা বলে। এসবের মধ্য দিয়েও অধিকাংশ মানুষের মধ্যে কোনো সচেতনতা সৃষ্টি হয়নি।
নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। দেশে ১৫ থেকে ২০ লাখ গৃহকর্মী অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী সব সময় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কথা ভাবেন। ২০১৪ সালে মে মাসের ১ তারিখে গৃহকর্মীদের জন্য একটা নীতিমালা করার জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চাই। তিনি সম্মতি দেন।
অনেকে এটা নিয়ে সমালোচনা করেন। তঁারা বলেন, ‘পোশাকশিল্প হওয়ার জন্য এমনিতে কাজের মানুষ পাওয়া যায় না, তার ওপর নীতিমালা করলে আরও সমস্যা হবে।’ কিন্তু আমি পিছিয়ে যাইনি। কারও কথা না শুনে নীতিমালা করেছি। জাতীয় সংসদে অনেকে এর বিরোধিতা করতে চেয়েছেন। প্রধানমন্ত্রী কাউকে সে সুযোগ দেননি। এভাবে সংসদে নীতিমালাটি পাস হয়। একটা অনুষ্ঠানে এক গৃহকর্মী বলছিল, ‘টেলিভিশন, ফ্রিজ, সোফা কেনার আগেই গৃহকর্তা সেটা রাখার জায়গা ঠিক করেন। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। কিন্তু আমার ঘুমানোর কোনো জায়গা নেই। রান্নাঘর, ড্রয়িংরুম বা বাথরুমের পাশে থাকতে হয়।’
অনেক উচ্চশিক্ষিত মানুষ, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও গৃহকর্মীদের চরমভাবে নির্যাতন করতে দেখেছি। গৃহকর্মী কত ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, আমরা তার কতটিই বা জানতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব দ্রুত গৃহকর্মীর নীতিমালা আইনে পরিণত হবে।
সৈয়দা মুনিরা সুলতানা

আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) আন্তর্জাতিক শ্রমমান নির্ধারণ করে। শ্রমিকের আট ঘণ্টা শ্রম এইএলও নির্ধারণ করেছিল। সরকারের গৃহকর্মী সুরক্ষা নীতিমালায় আছে, ১৪ বছরের নিচে শিশুরা গৃহকর্মে নিয়োজিত হতে পারবে না। তবে ১২ থেকে ১৪ বছরের শিশুরা হালকা ধরনের কাজ করতে পারবে। হালকা ধরনের কাজের কোনো সংজ্ঞা শ্রম আইনে নেই। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন বিষয়টি বিবেচনা করেন।
আমরা সম্প্রতি শিশুশ্রমের বিষয়টি পর্যালোচনা করেছি। সেখানেও ১২ থেকে ১৪ বছরের শিশুদের হালকা কাজের বিষয়ে আলোচনা হয়েছে। মানবাধিকার কমিশন থেকে এটি প্রকাশ করা হবে। কিশোর শ্রমিক ও ১২ থেকে ১৪ বছরের শিশুদের জন্য একই বিধান প্রযোজ্য। এটা অনেকটা স্ববিরোধী।
শিশুদের প্রতি অমানবিক আচরণ আমাদের চোখের সামনে ঘটে। আইন না থাকার কারণে কিছু বলতে পারি না। এ জন্য শিশুশ্রমের বিরুদ্ধে আইন খুব জরুরি। প্রথম আলো এক মাসে দুই হাজার স্কুলে ইন্টারনেট উৎসব করেছে। ঢাকা মহানগরে শিশুশ্রমের ঘটনা বেশি ঘটে। এ নগরের সব স্কুলে যদি শিশুশ্রমের বিরুদ্ধে কর্মশালা করা যায়, তাহলে বেশ কাজ হবে বলে মনে হয়। তাই স্কুলগুলোয় এ বিষয়ে কর্মশালা করা জরুরি।
ফিরোজা বেগম

আমার এক খালাতো ভাই দুদিনের জন্য আমার মেয়েকে নিয়ে যায়। তারপর গাজীপুরে তার এক বোনের বাসায় কাজে দেয়। খালাতো ভাইকে বারবার ফোন করে মেয়েকে আনতে চাই। সে কোনোভাবেই আমার মেয়েকে এনে দেয় না। আমাকেও নিয়ে যায় না। এভাবে এক বছর কেটে যায়।
অনেক কষ্ট করে তার বোনের মোবাইল নম্বর পাই। তাকে ফোন দিয়ে মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু জান্নাতের সঙ্গে কথা বলতে দেয় না। পরে আমার মোবাইল দিয়ে আর কথা বলতে পারি না। আমার মোবাইল নম্বর ব্লক করে দেয়। অন্যের মোবাইল দিয়ে ফোন করি। আমার কথা শোনার পর ফোন কেটে দেয়। এভাবে আরও অনেক দিন চলে যায়। পরে কোরবানির এক দিন পর জান্নাতকে প্রায় মৃত অবস্থায় পাই। তারপর সাধারণ মানুষ ও সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে নিয়ে আসি।
এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। প্রথম আলোর এক সাংবাদিক থাকা, খাওয়া, চিকিৎসা ও অন্য সব ধরনের সহযোগিতা করছেন। আমার মেয়ে বলে, ‘আম্মু, আমি যদি কাজ করতাম, তাইলেও মারত, আবার না করলেও মারত। আমারে ধরি কারেন্টের তার প্যাঁচাইয়া বাড়ি মারত, আমি খালি চেউয়া মাছের মতো লাফাইতাম। রাইতে ঘুমাইতে লইলে বাথরুমের ভিতর নিয়া শুয়াইত। ওইখানে খুছুম পোড়া দিয়া দাগ লাগাইয়া দিত। আম্মু, দুই দিন পর দুগা ভাত দিত লবণ দিয়া। আরয়নডা দিয়া আমারে ছ্যাঁকা দেয়, ছ্যাঁকা দিয়া ধইরা রাখে। বলি, অান্টি অান্টি, আমি মইরা যাইতাছি, মইরা যাইতাছি।’ এভাবে প্রায় সব সময় আমার মেয়ের ওপর নির্যাতন করত।
সালমা আলী

ভয়ংকর নির্যাতনের শিকার মানুষকে সরকারের ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। এখানে তারা নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পায়। কিন্তু এ ধরনের একটা ঘটনারও বিচার হয় না। নির্যাতনের শিকার প্রায় সবাই গ্রামের দরিদ্র মানুষ। এরা কোনো না কোনোভাবে নির্যাতনকারীর সঙ্গে আপস করে ফেলে। জান্নাতুল ফেরদৌসের মামলাটাকে আমরা একটা প্রতীকী মামলা হিসেবে নিতে পারি, যেন এ মামলায় অপরাধীর সাজা হয়। প্রথম আলো যেন এর সঙ্গে থাকে, আমরাও আছি। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যবস্থা করতে হবে এবং অপরাধীর সাজা নিশ্চিত করতে হবে।
আমরা লক্ষ করেছি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী শিশুশ্রম ও গৃহকর্মীদের ব্যাপারে খুবই আন্তরিক। এবার আমরা কয়েকটি মামলাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।
গৃহকর্মী আইন এখনো হয়নি। কিন্তু সংবিধানের ১১১ ধারা অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। এখানে একটি গাইডলাইন আছে। আইন না হওয়া পর্যন্ত এই গাইডলাইনের মাধ্যমে কাজ করা যাবে। আমরা আইনের একটা খসড়া করেছি। এটা নিয়েও কথা বলব। নির্যাতিত ব্যক্তির অভিভাবকেরা যাতে কোনো প্রকার আপসে না যান, তার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আপসে যাওয়াও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
ফরিদা ইয়াসমিন

আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এসেছি। আমাদের ডিভিশনে তিনটি শাখা আছে। এক. ভিকটিম সাপোর্ট সেন্টার। দুই. তদন্ত ইউনিট। তিন. কুইক রেসপন্স ইউনিট। কেউ কখনো বিপদে পড়লে তাকে দ্রুত নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
ভিকটিম সাপোর্ট সেন্টারে যারা আসে, তাদের প্রায় ৩৫ শতাংশ গৃহকর্মী। এখানে উপস্থিত ফিরোজা বেগমের মেয়েকে যে ব্যক্তি নিয়ে গেলেন, তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তিনি প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।
বিভিন্ন হাতবদলের মাধ্যমে একজন গৃহকর্মী নিয়োগ পায়। এখন মহানগরের প্রতি পরিবারের তথ্য আমরা নিচ্ছি। কিন্তু গৃহকর্মীদের তথ্য সঠিকভাবে আসছে না। এখানে ওয়ার্ড কমিশনারদের দায়িত্ব রয়েছে। আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
আমার মনে হয়, মহল্লাভিত্তিক জরিপ করা দরকার। কার বাসায় কতজন গৃহকর্মীসহ অন্য লোকজন থাকে, মহল্লা পর্যায়ে ওয়ার্ড কমিশনারদের কাছেও এর হিসাব থাকা প্রয়োজন।
সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর খোঁজখবর নেওয়া দরকার। আমরা উদ্যোগী হয়েও অনেক মামলা করে থাকি, করি। আমি মনে করি, সমাজের সবার মধ্যে সচেতনতা আসা প্রয়োজন।
সৈয়দ সুলতান উদ্দিন আহমদ

জান্নাতুল ফেরদৌসকে চাঁদপুরে দেখতে গিয়েছিলাম। তার মাথার আঘাতের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। নির্যাতন প্রায়ই হচ্ছে। জান্নাতের নির্যাতনের মাত্রা খুব বেশি ছিল। এ ক্ষেত্রে প্রশাসন তৎপর ছিল। আমার চাঁদপুর যাওয়ার উদ্দেশ্য ছিল, যেন মামলাটা অন্য মামলার মতো হারিয়ে না যায়।
জান্নাতের জন্য প্রথম আলো একটা বড় কাজ করেছে। আমরা এর অংশীদার হতে চাই। শিশু গৃহশ্রমিকদের প্রতি মানবিক হওয়ার একমাত্র সুযোগ হলো এদের কাউকে গৃহশ্রমের কাজ করতে না দেওয়া। ১৮ বছরের আগে কেউ গৃহশ্রমের কাজে নিয়োজিত হতে পারবে না।
একজন শিশু বা গৃহকর্মী যখন কোনো গ্রাম বা শহর থেকে ঢাকায় কোনো বাসায় কাজ করে, তখন কোনো শারীরিক ও মানসিক নির্যাতন না করলেও যেদিন থেকে ওই মানুষটি কাজে যোগ দেয়, সেদিন থেকেই সে নির্যাতিত হতে থাকে।
পুলিশ, গৃহকর্মী ও ড্রাইভার—এই তিন পেশার মানুষ প্রায় ২৪ ঘণ্টা কাজ করেন। আমরা যতই আট ঘণ্টার কথা বলি, তাঁদের ক্ষেত্রে সেটা মানা হয় না। কারণ, যখন-তখন তাঁদের জরুরি প্রয়োজন হয়। আমার প্রথম কথা হলো, কোনো বাড়িতে গৃহশ্রমিক থাকতে পারবে না।
গৃহশ্রমিকদের নিয়োগের আগে দেখতে হবে, সে ইউনিয়ন পরিষদে নিবন্ধিত হয়েছে কি না। গৃহশ্রমিকদের পরিদর্শনের ব্যবস্থা থাকতে হবে। তিন মাস পর কোনো একজন পরিদর্শক কোনো বাসায় গিয়ে দেখবেন, সে বাসায় শিশু গৃহশ্রমিক আছে কি না, শিশুশ্রমিক না থাকলে যিনি আছেন, তিনি কী অবস্থায় আছেন।
একবার ধানমন্ডি ও মোহাম্মদপুরে গবেষণা করে জানা যায়, মাত্র ২ শতাংশ গৃহকর্মীর ঘুমানোর জায়গা আছে। কর্তৃপক্ষের এসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মোহাম্মদ আজিজ খান

গৃহশ্রমিকদের প্রতি মানবিক হওয়ার আগে প্রশ্ন করতে হবে, আমরা নিজেরা মানুষ কি না। অনেক প্রাণী যেমন সিংহ, বিড়াল তার নিজের বাচ্চাকে খেয়ে ফেলে। আমরা কি সে অবস্থায় গিয়েছি, না মানুষ হয়েছি, সে প্রশ্ন করা দরকার।
পৃথিবী থেকে দাসপ্রথার বিলোপ হয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা বলছি, সবাই এক। মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, সবাই সমান। সবার ভোটের অধিকার সমান। সব নাগরিকের অধিকার সমান।
মানুষ না হতে পারার জন্য আমরা মাথা নত করছি। কারণ, আমার বাসায় গৃহকর্মী থাকে না, থাকে একজন চাকর, কাজের লোক। এরা আমার সঙ্গে খেতে পারে না, বসতে পারে না। আমি তার ধরাছোঁয়ার বাইরের একজন। আমার উচ্ছিষ্ট খাবার সে খায়। আমার জ্ঞান, প্রজ্ঞা, ভাবনাবোধ—কিছুই তার মধ্যে যায় না। আমি আমাকে, আমাদের সমাজকে ধিক্কার দিচ্ছি। নির্মমভাবে নির্যাতিত হচ্ছে আমার, আপনার ঘরের সাহায্যকারী মানুষটি। এটা একটা বড় ধরনের অপরাধ, যা আমরা প্রতিনিয়ত করছি। আমার গাড়ির চালক, আমার গৃহকর্মী—এদের সঙ্গে যদি কথা না বলি, তাহলে আমিই ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আজ ফিরোজা বেগম অনুষ্ঠানে আছেন, তঁার জ্ঞান বাড়ছে। যদি তিনি বাইরে বসে থাকতেন, তাহলে তিনি কিছুই জানতেন না, বুঝতেন না। আমি মনে করি, জান্নাতের মামলা হবে একটা বিশেষ মামলা। এটা সামনে রেখেই আমাদের নিজেদের, সমাজের সবার মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন।
এটাকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যত বাধাই আসুক, জান্নাতের মামলার বিচার করতেই হবে। কত গৃহকর্মী আছে, তার হিসাব করা প্রয়োজন। তাদের জন্য কী করা যায়, তার একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। আমার দিক থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।
রাশেদা কে চৌধূরী

আজকের উদ্যোগের পর এ ক্ষেত্রে আরও বেশি করে প্রত্যাশা তৈরি হবে। গৃহকর্মী নির্যাতন ভীষণভাবে মানবাধিকারের লঙ্ঘন। অধিকাংশ ক্ষেত্রে নির্যাতনের বিষয় কেউ জানতে পারে না। জানার আগেই আপস হয়ে যায়।
গত বছর বারিধারা ডিওএইচএসের এক বাসায় একটি মেয়ের আর্তচিৎকার শুনতে পেয়ে এগিয়ে গেলাম। মেয়েটির বয়স আট বছর। গৃহকর্ত্রী ওকে পাগল বললেন। মেয়েটাকে নিয়ে যেতে চাইলে গৃহকর্ত্রী কোনোভাবেই ওকে নিতে দিলেন না। থানায় গেলাম। ফিরে এসে দেখি, মেয়েটির মাকে নিয়ে ঘটনা আপস করে ফেলেছেন। স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে খাদিজা। তাকে যিনি নির্যাতন করেছেন, ২০১২ সালে ইভ টিজিংয়ের অপরাধে জনতা তঁাকে ধরে থানায় দিয়েছিল। থানা তাঁকে ছেড়ে দিল। অন্যদিকে যারা তাঁকে থানায় দিয়েছিল, তাদের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। তখনই যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, আজ খাদিজার এ অবস্থা হতো না।
নির্যাতনের বিরুদ্ধে হটলাইন আছে। গণমাধ্যম হটলাইনগুলো বক্স করে প্রকাশ করতে পারে। মুঠোফোন কোম্পানিগুলো মাঝেমধ্যে নম্বরগুলো মেসেজের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারে।
প্রশাসনে অনেক ভালো কর্মকর্তা আছেন। তাঁরা অসহায় মানুষের পাশে থাকেন। যদিও তনুর বেলায় আমরা সেটা দেখতে পাইনি। তাঁর ফরেনসিক প্রতিবেদন নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। গৃহকর্মীদের নিবন্ধন ও পরিদর্শনের বিষয়টি জরুরি। এটা নীতিমালায় আনা যেতে পারে। কিছুটা কঠিন মনে হলেও শুরু করা যেতে পারে।
সবচেয়ে বড় কাজ হবে, আমাদের বিবেককে জাগিয়ে তোলা। আজিজ খানের মতো যদি সবাই এগিয়ে আসি—প্রতিজ্ঞা করি যে বাসা বা বাড়িতে গৃহকর্মী রাখব না, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজে গৃহকর্মীদের দুঃসহ যন্ত্রণার ইতিহাসের সমাপ্তি হবে।
মো. মুজিবুল হক: আজ আজিজ খানের মতো আমারও একটি বড় প্রশ্ন, আমরা কি মানুষ হতে পেরেছি? যঁারা শিক্ষিত বলে দাবি করছি, তাঁরাই কি মানুষ হতে পেরেছি? ঢাকা শহরে যাঁরা গৃহকর্মীদের নির্যাতন করছেন, তাঁদের অধিকাংশই শিক্ষিত ও অবস্থাপন্ন মানুষ। শ্রম আইনে ১৪ বছরের নিচে কেউ কোনো কাজ করতে পারবে না। কিন্তু ১৪ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরী হালকা কাজ করতে পারবে। ঝুঁকিপূর্ণ কাজের বাইরে যেসব কাজ আছে, সেগুলো হলো হালকা কাজ। হালকা কাজের বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব।
গৃহকর্মী নির্যাতনের ক্ষেত্রে সমাজকল্যাণ, শিক্ষা, মহিলা ও শিশু এবং শ্রম মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের কাজ করব। গৃহকর্মীদের বেশির ভাগই শিশু। ২০০৩ সালে বিবিএসের জরিপ অনুযায়ী, বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা ৩৪ লাখ। আবার ২০১৩ সালে আইএলওর সহযোগিতায় জরিপ করা হয়েছে। এ জরিপে শিশুশ্রমিকের সংখ্যা হয়েছে ১৭ লাখ। অর্থাৎ অর্ধেক কমে গেছে। আমাদের হিসাবমতে, ১৫ থেকে ২০ লাখ গৃহকর্মী এখনো বাংলাদেশে আছে। আমরা নীতিমালা করেছি। এর আলোকে আইন করার উদ্যোগ গ্রহণ করব।
নিবন্ধন ও তদারকের প্রয়োজন বলে আমিও মনে করি। আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। কাজের মানুষ তো দূরের কথা, অনেক সন্তান আছে, যারা নিজের মা-বাবাকে দেখে না। আবার যঁারা এসব বিষয়ে কথা বলেন বিভিন্ন মাধ্যমে, তঁাদের বাসায় খবর নিয়ে দেখেছি, তঁারাও গৃহকর্মীদের অত্যাচার করেন।
এমনকি মানবাধিকার কমিশনের একজন সদস্যের বাসায়ও অত্যাচারের প্রমাণ পেয়েছি। আজিজ খানের কথায় ফিরে যাই, আমাদের নিজেদের আগে মানুষ হতে হবে। তাহলে এ সমস্যা নিরসন হবে।
আব্দুল কাইয়ুম: গৃহকর্মীদের জন্য নীতিমালা হয়েছে। এখন আইন হওয়া প্রয়োজন। আইন হলে নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। কোথাও নির্যাতন হতে দেখলে সাধারণ মানুষও আইনের আলোকে এগিয়ে আসতে পারবে। আমাদের প্রত্যেকের নিজ অবস্থান থেকে গৃহকর্মীদের প্রতি মানবিক হতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
মো. মুজিবুল হক : সাংসদ, প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
রাশেদা কে চৌধূরী : নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান
ফরিদা ইয়াসমিন : উপপুলিশ কমিশনার, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টার, ডিএমপি
সালমা আলী : নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি
মোহাম্মদ আজিজ খান : চেয়ারম্যান, সামিট গ্রুপ
সৈয়দ সুলতান উদ্দিন আহমদ : নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)
সৈয়দা মুনিরা সুলতানা : ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আন্তর্জাতিক শ্রম সংস্থা
ফিরোজা বেগম : ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন নির্যাতনের শিকার জান্নাতুল ফেরদৌসের মা
উপস্থিত ছিলেন : মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও আইন শাখার প্রজ্ঞাপন ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’-এর উল্লেখযোগ্য কয়েকটি ধারা:
n ৭.৩ গৃহকর্মী নিয়োগের চুক্তি: (১) ১৪ বছর পূর্ণ করেছে তবে ১৮ বছরের কম এরূপ বয়সে গৃহকর্মে নিয়োজিত কিশোর বা কিশোরী কিংবা হালকা কাজের ক্ষেত্রে ১২ বছর বয়ঃপ্রাপ্ত শিশু নিয়োগ করতে হলে আইনানুগ অভিভাবকের সঙ্গে এবং প্রাপ্তবয়স্ক হলে নিয়োগলাভে ইচ্ছুক ব্যক্তির সঙ্গে বিস্তারিত আলোচনা করে নিয়োগ প্রদান যুক্তিযুক্ত। তবে মৌখিক চুক্তি বা সমঝোতা বা ঐকমত্য সম্পন্ন হলে তা গৃহকর্মী ও নিয়োগকারীর নিকট গ্রহণযোগ্য কোনো তৃতীয় পক্ষের উপস্থিতিতে আলোচনা সম্পন্ন করা বাঞ্ছনীয়।
বিস্তারিত আলোচনাকালে কিংবা চুক্তি বা সমঝোতা বা ঐকমত্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকবে: (ক) নিয়োগের ধরন, (খ) নিয়োগের তারিখ, (গ) মজুরি, (ঘ) বিশ্রামের সময় ও ছুটি, (ঙ) কাজের ধরন, (চ) গৃহকর্মীর থাকা-খাওয়া, (ছ) গৃহকর্মীর পোশাক-পরিচ্ছদ ও শারীরিক পরিচ্ছন্নতা এবং (জ) গৃহকর্মীর বাধ্যবাধকতা;
(২) নিয়োগপত্র কিংবা চুক্তি বা সমঝোতা বা ঐকমত্যে উল্লিখিত শর্তসমূহ উভয় পক্ষ মেনে চলতে বাধ্য থাকবে, তবে লক্ষ রাখতে হবে যে উক্ত শর্তাবিল যাতে দেশের প্রচলিত আইন ও নীতির পরিপন্থী না হয়;
(৩) ১২ (বার) বছর বয়ঃপ্রাপ্ত কোেনা শিশুকে হালকা কাজে নিয়োগের ক্ষেত্রে তার স্বাস্থ্য ও উন্নতির জন্য বিপজ্জনক নয় অথবা শিক্ষা গ্রহণকে বিঘ্নিত করবে না তা বিবেচনায় নিতে হবে।
n ৭.৪. কর্মঘণ্টা, ছুটি, বিশ্রাম ও বিনোদন: প্রত্যেক গৃহকর্মীর কর্মঘণ্টা এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে তিনি পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, চিত্তবিনোদন ও প্রয়োজনীয় ছুটির সুযোগ পান। গৃহকর্মীর ঘুম ও বিশ্রামের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্থান নিশ্চিত করতে হবে। গৃহকর্তা বা গৃহকর্ত্রীর অনুমতি নিয়ে গৃহকর্মী সবেতনে ছুটি ভোগ করতে পারবেন।
n ৭.৫. প্রসূতিকালীন সুবিধা: সন্তানসম্ভবা গৃহকর্মীকে তার প্রসূতিকালীন ছুটি হিসেবে মোট ১৬ সপ্তাহ (প্রসবের পূর্বে ৪ সপ্তাহ এবং প্রসবের পরে ১২ সপ্তাহ অথবা গৃহকর্মীর সুবিধা অনুসারে) সবেতেন মাতৃত্ব ছুটি প্রদান করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় সময় পর্যন্ত ভারী কাজ থেকে বিরত রাখা এবং মাতৃস্বাস্থ্যের পরিচর্যায় সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে গৃহকর্তা সহায়তা করবেন।
n ৭.৭. চিকিৎসা: অসুস্থ গৃহকর্মীকে কাজ থেকে বিরত রাখতে হবে এবং নিয়োগকারী নিজ ব্যয়ে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন।
n ৭.৯. দুর্ঘটনায় ক্ষতিপূরণ: কর্মরত অবস্থায় কোনো গৃহকর্মী দুর্ঘটনার শিকার হলে যথাযথ চিকিৎসাসহ দুর্ঘটনা ও ক্ষতির ধরন অনুযায়ী নিয়োগকারী ক্ষতিপূরণ প্রদান করবেন।
n ৭.১০. নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা:
(ক) কোনোক্রমেই গৃহকর্মীর প্রতি কোনো প্রকার অশালীন আচরণ অথবা দৈহিক আঘাত অথবা মানসিক নির্যাতন করা যাবে না। গৃহকর্মীর ওপর কোনো রকম হয়রানি ও নির্যাতনের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করার দায়িত্ব প্রচলিত আইন অনুযায়ী সরকারের ওপর বর্তাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় ও সুস্পষ্ট নির্দেশাবলি প্রদান করবে।
(খ) নিয়োগকারী, তার পরিবারের সদস্য বা আগত অতিথিদের দ্বারা কোনো গৃহকর্মী কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন যেমন: অশ্লীল আচরণ, যৌন হয়রানি বা যৌন নির্যাতন কিংবা শারীরিক আঘাত অথবা ভীতি প্রদর্শনের শিকার হলে দেশের প্রচলিত আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(গ) গৃহকর্মী নির্যাতন বা হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট থানা যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সে জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাপ্তরিক নির্দেশনা জারি করবে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় গৃহকর্মীর প্রতি নির্যাতনের প্রতিকারে প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সরকারের কর্মকৌশল নির্ধারণ করতে পারবে।
(ঘ) গৃহকর্মী কর্তৃক দায়েরকৃত যৌন হয়রানি ও যৌন নির্যাতন কিংবা শারীরিক বা মানসিক নির্যাতনের মামলা সরকারি ব্যয়ে পরিচালিত হবে। যৌন হয়রানি বা যৌন নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গাইড লাইন প্রযোজ্য হবে।
n ১০. পরিদর্শন কার্যক্রম:
(ক) এ নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং কোনো ক্ষেত্রে নীতির ব্যত্যয় ঘটলে পরিদর্শনপূর্বক নীতির আলোকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিতকরণের জন্য সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় সুশীল সমাজ ও স্থানীয় অধিক্ষেত্রে কর্মরত সরকারি প্রতিনিধি সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শন টিম গঠনের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে পরিদর্শন টিমে মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এবং ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা যাবে।
n ১২. নিয়োগকারীর দায়িত্ব ও কর্তব্য:
(ক) নিয়োগকারী গৃহকর্মীর প্রতি মানবিক আচরণ করবেন। কোনোক্রমেই গৃহকর্মীর প্রতি কোনো প্রকার অশালীন আচরণ, দৈহিক আঘাত অথবা মানসিক নির্যাতন করা যাবে না।
(খ) প্রত্যেক নিয়োগকারী তার গৃহে নিয়োগকৃত গৃহকর্মীর বিষয়ে নীতিতে উল্লিখিত দিকনির্দেশনাসমূহ অনুসরণ করবেন এবং নীতি অনুযায়ী গৃহকর্মীর প্রাপ্য অধিকার ও সুবিধাদি প্রদান করবেন।
(গ) নিয়োগকারী জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে স্বীকৃত গৃহকর্মীর মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করবেন।
(ঘ) নিয়োগকারী অভিভাবকহীন কিশোর-কিশোরী গৃহকর্মীর মজুরি তার সম্মতিক্রমে ব্যাংকে জমা রাখতে উদ্যোগ গ্রহণ করবেন যাতে গৃহকর্মী সঞ্চয়ে উদ্বুদ্ধ হয় এবং তার অর্থের নিরাপত্তা নিশ্চিত হয়।
(ঙ) গৃহকর্মী কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে নিয়োগকারী নিজে কোনো শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করবেন না।