আসেন ভাই দেড় শ...

তখন দুপুরের খাঁ খাঁ রোদ, এর মধ্যে প্রায় কয়েক শ লোক গাড়ির জন্য ছোটাছুটি করছে। সবার উদ্দেশ্য পরিবার-আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামে যাওয়া। তাই দেশের দক্ষিণাঞ্চলের এই মানুষগুলো মাওয়া ঘাটে যাওয়ার বাস খুঁজছিল। এ সময় বাস কাউন্টারগুলোতে রীতিমতো ভাড়া কমানোর হিড়িক পড়ে যায়। কেউ হাঁকছিল আসেন ভাই দেড় শ, কেউ বলছিল দুই শোর ভাড়া দেড় শ।
শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের মোড়ের চিত্র ছিল এমন। এই পথের বেশির ভাগ বাস মাওয়া ও শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রী পরিবহন করে। স্বল্প দূরত্ব হওয়ার কারণে এখানে কোনো আগাম টিকিট কাটার কোনো ঝক্কি নেই। তবে ভালো বাস পেতে হলে অপেক্ষা করতে হয়। আর এই ফাঁকে বাসের লোকদের হাঁকডাকও চলে বেশ।
যাত্রাবাড়ীর এই স্ট্যান্ড থেকে মুন্সিগঞ্জে শ্রীনগর এবং দক্ষিণাঞ্চলের আরও কিছু জেলায় বাস যাতায়াত করে। এসব বাস আকারে বড় হলেও খুব বেশি সুযোগ-সুবিধা না থাকায় ভাড়াও তুলনামূলক কম। দূরত্ব ও ভাড়া উভয়ই কম হওয়ায় এই পথের যাত্রীরা বাস নিয়ে খুব বেশি চিন্তা করেন না। টিকিট কেটেই বাসে উঠে পড়েন। তবে ঈদের কারণে আজ তাদের একটু দীর্ঘ সারিতে দাঁড়াতে হয়েছে।

রাস্তায় বাসের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন মো. রিয়াজ হোসেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল। লঞ্চে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল তাঁর কিন্তু টিকিট না পেয়ে সড়ক পথে রওনা দিয়েছেন। তিনি বলেন, ঘাট পাড় হয়ে বাসে বরিশাল যেতে খুব বেশি সময় লাগবে না। তাই এখানে এসে লাইনে দাঁড়িয়েছেন।
একটি পরিবহনের একজন টিকিট বিক্রেতা মো. মাসুদ। সবাই এভাবে টিকিটের ভাড়া কমাচ্ছে কেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈদের সময় যাত্রী বেশি থাকে জন্য অনেকে ভাড়া কমান। সড়কে যানজট না থাকলে খুব বেশি ক্ষতি হয় না তাঁদের।
বাসস্ট্যান্ডে কথা বলার সময় দেখা গেল সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাসগুলোও যাত্রীদের জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। এই বাসগুলো অন্যান্য সময় রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করত। এখন ঈদের সময় হওয়ায় এসব বাস রাস্তায় খুব বেশি সময় দাঁড়াতে পারে না। পুলিশ মোড়ে মোড়ে আলাদাভাবে টহল দেওয়ায় যাত্রাবাড়ী মোড়ে খুব বেশি যানজটও দেখা যায়নি।