আস্ত হলুদ ২৮০ টাকা গুঁড়া ৭০ টাকা!
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল গুঁড়া হলুদ বিক্রি হচ্ছে। এতে প্রতিনিয়ত প্রতারণা ও ক্ষতির শিকার হচ্ছেন ক্রেতারা। সরেজমিনে পাটগ্রাম পৌর কাঁচাবাজারে দেখা গেছে, আস্ত শুকনো হলুদের কেজি ২৮০ টাকা। অন্যদিকে গুঁড়া হলুদ ৭০-৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এ নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। এটা কি হলুদের গুঁড়া, নাকি অন্য কিছু—এ নিয়ে ক্রেতারা সন্দেহ পোষণ করেছেন।জানা গেছে, ধানের ভুসি, ইটের গুঁড়া ও রঙের সঙ্গে সামান্য হলুদ দিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারের কয়েকজন ব্যবসায়ী রংপুর, বগুড়ার বিভিন্ন কারখানা থেকে এসব হলুদের গুঁড়া এনে মুদি দোকানিদের কাছে বিক্রি করছেন। বাজার করতে আসা পানবাড়ী গ্রামের কৃষক থইকর আলী বলেন, ‘হামরা গরিব মনষি। হলদি গুঁড়া কম দাম, এইলা কিনি। ভালো গোটা কিনিয়া বেটিছাওয়া গুঁড়া করিবার চায় না। গোটাটার দামও মেলা।’ ক্রেতা আব্দুর রহিম বলেন, ‘এসব হলুদ গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে শুধু উপরে রং ভাসে। তরকারির কোনো স্বাদ হয় না।’ কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী মমিনুর রহমান বলেন, ‘এখানে শুকনা হলুদ পাওয়া যায় না। ফলে দাম বেশি। কিন্তু গুঁড়া হলুদ সব সময় পাওয়া যায়, ফলে দাম কম।’ পাইকারী ব্যবসায়ী আবু তালেব বলেন, ‘শুকনা হলুদের দাম বেশি। কিন্তু গুঁড়া হলুদের দাম কম। এতে বুঝা যায়, এগুলোতে কিছুটা হলেও ভেজাল রয়েছে।’পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভেজাল হলুদ গুঁড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’