আস্তাকুঁড় নেই, যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন এলাকায় আস্তাকুঁড় (ডাস্টবিন) নেই। সড়কের পাশে যত্রতত্র ময়লার স্তূপ করে রাখা হয়। অপসারণ না করায় দুর্গন্ধে পরিবেশদূষণ হচ্ছে। করপোরেশনের দাবি, সকাল থেকেই ময়লা অপসারণ শুরু হয়। যানবাহনের সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের গাফিলতির কারণে ময়লা-আবর্জনায় ঢেকে যাচ্ছে নগর। সময়মতো পরিষ্কার না করায় এগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃষ্টি এলে ওই আবর্জনা নর্দমায় ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি করছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশালের সভাপতি আক্কাস হোসেন বলেন, ‘আগে কিছু ডাস্টবিন ছিল। এখন তো সব ময়লাই রাস্তার পাশে জমা হয়। সিটি করপোরেশনের গাফিলতির কারণেই দিন দিন বরিশাল নোংরা নগরে পরিণত হচ্ছে।,
বিভিন্ন এলাকায় ঘুরে সড়কের ওপর ময়লা-আবর্জনা দেখা গেছে। সবচেয়ে খারাপ অবস্থা সিটি করপোরেশন থেকে ২০০ গজ দূরে নৌবন্দর এলাকায়। এখানে সড়কের অর্ধেক জুড়ে ময়লার স্তূপ।
করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের দাবি, নৌবন্দর এলাকার ওই স্থানে বন্দর ছাড়াও মাছ বাজার, ক্লাব রোডসহ বিভিন্ন স্থানের ময়লা ফেলার কারণে অপসারণ করার পরপরই আবার স্তূপ হয়ে যায়।
বটতলা বধূয়া ভবনের সামনে, নবগ্রাম রোড, শহীদ আলমগীর ছাত্রাবাসের সামনের সড়কে, কালীবাড়ি সড়কের ব্রজমোহন বিদ্যালয়ের সামনে, হাসপাতাল রোডের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সামনে, বাজার রোড, কাউনিয়া, সদর রোড, পোর্ট রোডসহ অনেক স্থানেই ময়লা-আবর্জনা দেখা গেছে।
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী অভিযোগ করে বলেন, ‘হাসপাতাল রোডে কলেজের সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। সিটি করপোরেশনের কাছে আবেদন-নিবেদন করেও কাজ হয়নি। বাধ্য হয়ে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে সাইনবোর্ড লাগিয়েছি। তাতেও কাজ হচ্ছে না। সড়কের পাশেই ময়লার স্তূপ থাকছে।’
বরিশাল নৌবন্দর এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ময়লা-আবর্জনার গন্ধে এই এলাকায় মানুষ থাকা কষ্টসাধ্য ব্যাপার। সারা দিন ওই স্তূপ ঘাঁটে টোকাইরা। এ জন্য দুর্গন্ধ কমে না।’
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক কুমার বলেন, ‘নগরে বর্তমানে কোনো ডাস্টবিন নেই। যেখানেই ডাস্টবিন করা হয়েছিল, স্থানীয়রা তা ভেঙে ফেলেছে। তাই রাস্তার পাশেই ময়লা-আবর্জনা ফেলছে। ময়লা অপসারণের কাজ সকাল থেকেই শুরু হয়। শতভাগ সমন্বয় না থাকায় অনেক স্থানে ময়লা-আবর্জনা কিছুটা থেকে যাচ্ছে। তা ছাড়া যানবাহনের সংকটের কারণেও সমস্যা হচ্ছে।’