আস্থা অর্জন করে এক কোটি ১৫ লাখ টাকা চুরি
‘দেড় বছর ধরে গাড়ি চালিয়ে পোশাক কারখানার এক বিদেশি ব্যবস্থাপকের আস্থা অর্জন করি। পরে ওই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ফয়সাল ইভানের পরামর্শে এক কোটি ১৫ লাখ টাকা চুরি করি। আমি নিই ৪৫ লাখ টাকা। বাকি টাকা ফয়সাল ও তার বন্ধু ভাগ করে নেয়।’
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের কার্যালয়ের সম্মেলনকক্ষে এভাবেই টাকা চুরির বর্ণনা দেন গ্রেপ্তার হওয়া গাড়িচালক নুরুল ইসলাম। তিনি আরও জানান, ৫ সেপ্টেম্বর কর্ণফুলী ইপিজেডের গিবী বাংলাদেশ লিমিটেড গার্মেন্টসের জেনারেল ম্যানেজার বিদেশি নাগরিক প্রসন্ন সাই তাঁর ব্যবহূত ব্যক্তিগত গাড়িযোগে (নম্বর ঢাকা মেট্রো গ-৩৩-৬২৩৫) নগরের খুলশীর বাসায় আসেন। সঙ্গে ছিল শ্রমিকদের বেতনের এক কোটি ১৫ লাখ টাকা। ওই বিদেশি নাগরিক গাড়ি থেকে নেমে কার্টনে থাকা এক কোটি ১৫ লাখ টাকা দ্বিতীয় তলার বাসায় নিয়ে আসার জন্য চালককে বলে ওপরে উঠে যান। পরে কার্টনভর্তি টাকা নিয়ে নগরের চকবাজার ও নুরুল ইসলামের গ্রামের বাড়ি রাউজানে যান। ফয়সালের এক বন্ধুসহ টাকাগুলো ভাগ-বাঁটোয়ারা করেন। চালক নুরুল ইসলামকে দেন ৪৫ লাখ টাকা। ঘটনার দিনই স্ত্রী খোরশিদা বেগমকে নিয়ে কক্সবাজার চলে যান নুরুল ইসলাম। পরে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার কলাতলীর ঝিরঝিরিপাড়ার একটি ঘর থেকে নুরুল ইসলামকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সন্তোষ চাকমা।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনেক খোঁজাখুঁজির পরও চালককে না পেয়ে খুলশী থানায় মামলা করেন বিদেশি নাগরিক প্রসন্ন সাই। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে নুরুল ইসলামকে হাটহাজারী থেকে ফয়সাল ইভানকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।