আস্থা কমেছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিলিয়া মিলনায়তনে গতকাল পিপিআরসির গবেষণা প্রতিবেদন হাতে (বাঁ থেকে) হোসেন জিল্লুর রহমান, রেহমান সোবহান, আকবর আলি খান, হাফিজউদ্দিন খান, ফারাহ্ কবির ও সৈয়দা রিজওয়ানা হাসান । ছবি: প্রথম আলো
রাজধানীর বিলিয়া মিলনায়তনে গতকাল পিপিআরসির গবেষণা প্রতিবেদন হাতে (বাঁ থেকে) হোসেন জিল্লুর রহমান, রেহমান সোবহান, আকবর আলি খান, হাফিজউদ্দিন খান, ফারাহ্ কবির ও সৈয়দা রিজওয়ানা হাসান । ছবি: প্রথম আলো

সুশাসনের দিক থেকে রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা সবচেয়ে কম। অনাস্থার দিক থেকে এর পরেই রয়েছে পুলিশের নাম এবং এই তালিকায় তৃতীয় হচ্ছে বিচার বিভাগ। এ ছাড়া, চার বছর আগে ৫৩ দশমিক ২ শতাংশ মানুষ নিরাপত্তাহীন থাকার কথা জানালেও এখন একই কথা বলছে ৫৭ দশমিক ২ শতাংশ।
গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘বাংলাদেশ ২০১৩: সুশাসন প্রবণতা ও ধারণাসমূহ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, ১০ বছর আগের তুলনায় দেশে মানুষ হত্যা, নারীর প্রতি সহিংসতা তথা ধর্ষণ, শিশু নির্যাতন, অপহরণ ও মানব পাচার বেড়েছে।
রাজধানীর বিলিয়া মিলনায়তনে গতকাল শনিবার পিপিআরসির এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের সভাপতিত্বে এতে নির্ধারিত আলোচক ছিলেন আরেক সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইজিএস ব্র্যাকের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর। মূল বক্তব্য তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
২০১৩ সালের সেপ্টেম্বরে ঢাকার বিভিন্ন শ্রেণী-পেশার ৫০০ খানার ওপর করা জরিপ এবং ২০১১ সালের আদমশুমারিতে থাকা ২৫টি সরকারি সংস্থার তথ্য নিয়ে তৈরি করা হয় এই প্রতিবেদন। এতে ২০০১-২০১০ অর্থাৎ ১০ বছরের হত্যা, অপহরণ ও পাচার, পুলিশি হয়রানি, মামলা নিষ্পত্তি, থানা ও আদালতে মামলা, আর্থিক অপরাধের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের আস্থা সূচক নির্ণয়ে রাজনৈতিক নেতৃত্ব, পুলিশ, বিচার বিভাগ, আইনের শাসন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিবেচনায় নেয় পিপিআরসি। এতে বলা হয়, ৭৫ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করে রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা কমেছে। ৭১ দশমিক ২ শতাংশের আস্থা কমেছে পুলিশের প্রতি। বিচার বিভাগের প্রতি আস্থা কমেছে ৫৩ দশমিক ৪ শতাংশের। এ ছাড়া আইনের শাসনের প্রতি ৫০ দশমিক ৬ এবং র‌্যাবের প্রতি ২৬ দশমিক ৮ শতাংশের আস্থা কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে মানুষ হত্যা ছিল তিন হাজার ৪৭৯ জন। ২০১০ সালে তা বেড়ে হয়েছে তিন হাজার ৮৩০ জন। ১০ বছরের গড় তিন হাজার ৭৬৬ দশমিক ৩। প্রতি লাখে মানুষ হত্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া ২০০১ সালে ধর্ষণ ছিল তিন হাজার ১৮৯টি, ২০১০ সালে এই সংখ্যা তিন হাজার ৩৪২। অপহরণ, পাচার ও অন্যান্য মিলিয়ে ২০০১ সালে ছিল ৮৩৪টি ঘটনা। ২০১০ সালে এসে তা বেড়ে দাঁড়ায় ৮৭০টিতে। শিশু নির্যাতনের হার ১০ বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০০১ সালে যে সংখ্যা ছিল ৩৮০, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৪২।
প্রতিবেদনমতে, অস্ত্র, বিস্ফোরক ও নেশাজাতীয় দ্রব্য, চোরাচালানের মামলা ১০ বছর আগের তুলনায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। ২০০১ সালে এসব মিলিয়ে ছিল ১৭ হাজার ৩৯৪টি মামলা। ২০১০ সালে তা দাঁড়ায় ৩৬ হাজার ৭৩৯টিতে। আর্থিক অপরাধও দ্বিগুণ ছাড়িয়েছে। ২০০১ সালের ১৬৫টি থেকে বেড়ে ২০১০ সালে হয়েছে ৩৮৭টি। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে হয়রানির ঘটনা ২০০১ সালে ছিল ৩৪৪টি, ২০১০ সালে হয়েছে ৪০১টি।
বেতন ও সুযোগ-সুবিধা কম থাকায় কমিশন, নিয়োগ-বাণিজ্য ইত্যাদির মাধ্যমে আমলারা দুর্নীতি করেন বলে পিপিআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ দশমিক ৯ শতাংশ মানুষ অপরাধের প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হন না। বাকি ২৯ দশমিক ৩ শতাংশের মধ্যে পুলিশের কাছে অভিযোগ করেন মাত্র ৩ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে পুলিশকে ঘুষ দেন ৫ দশমিক ২ শতাংশ। আরও বলা হয়, ভূমিসংক্রান্ত মামলার মধ্যে ৬৬ দশমিক ৬ শতাংশই মিথ্যা মামলা।
প্রধান অতিথির বক্তব্যে রেহমান সোবহান বলেন, বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান মন্দ নয়, জাতীয় প্রবৃদ্ধিও ভালো। কিন্তু সুশাসনের ক্ষেত্রে এখনো দুর্বল। তিনি বলেন, নিম্ন আদালতে রাজনৈতিক কারণে জামিনের ঘটনা দেখা গেলেও সরকারি নথিতে বিষয়টির উল্লেখ থাকে না। সুশাসন পরিমাপের ক্ষেত্রে পুলিশ, আদালত বা সরকারি পরিসংখ্যানের মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আকবর আলি খান বলেন, ‘দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুশাসনবিষয়ক ভালো একটি সূচক তৈরি করতে হবে। বিশ্বব্যাংক সুশাসনবিষয়ক সূচক তৈরি করলেও সেটি আমাদের দেশের জন্য ব্যবহার উপযোগী নয়। তাই দেশীয়ভাবেই এই সূচক তৈরি করতে হবে।’ রাতারাতি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, পিপিআরসি প্রাথমিকভাবে এ ধরনের সূচক তৈরির কাজ শুরু করেছে।
হাফিজউদ্দিন খান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে সুশাসনের সমস্যা দূর হবে না। এ ক্ষেত্রে নিয়োগ কার্যক্রমের শুরুতেই বড় ধরনের গলদ রয়েছে। সরকারি কর্মকর্তা নিয়োগের আগে পুলিশ যখন তথ্য যাচাই করতে যায়, জানতে চাওয়া হয় তিনি ছাত্রদল নাকি ছাত্রলীগ করেন। সর্বশেষ কাকে ভোট দিয়েছেন ইত্যাদি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাব যে বক্তব্য দেয়, সেটা সব সময় একই। সব সময় যদি একই ধরনের ঘটনা ঘটে, তাহলে গোয়েন্দা সংস্থাগুলো করে কী?
ফারাহ্ কবীর বলেন, শুধু হয়রানি নয়, প্রশ্রয় বলতে একটি বিষয় আছে, যা আরও মারাত্মক। রাষ্ট্রীয়, সরকারি ও সামাজিক পর্যায়ে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। যার কোনো জবাবদিহি নেই।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এই পর্বে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।