বাংলাদেশে বিচার–বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এগুলো থামাতে সরকারি প্রচেষ্টা খুবই সীমিত। দায়মুক্তভাবে এসব চলতে থাকায় সরকারি কর্মকর্তাসহ কিছু ব্যক্তিই যে শুধু মানবাধিকার লঙ্ঘন করছেন তা-ই নয়, ভুক্তভোগী অনেকেই আর অধিকার চাইতেও যায় না। ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রতিবেদনটি প্রকাশ করেন।
প্রতিবেদনের বাংলাদেশ অংশের সংক্ষিপ্তসারের শুরুতেই গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট ও বিএনপির বয়কট এবং সংসদের অধিকাংশ আসনে আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, অধিকাংশ আন্তর্জাতিক পর্যবেক্ষক বলেছেন, ওই নির্বাচন ঠিক আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি।
যথারীতি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সবচেয়ে বড় সমস্যা হিসেবে অভিহিত করা হয়। এ ছাড়া অনলাইন ও গণমাধ্যমে বক্তব্য-বিবৃতির ওপর আংশিক বিধিনিষেধ, কর্মপরিবেশ এবং শ্রম অধিকার পরিস্থিতিও আছে এর মধ্যে। অন্যান্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন, সরকারি দপ্তরের ব্যাপক দুর্নীতি, যথেচ্ছ আটক ও বন্দী করে রাখা, দুর্বল বিচারব্যবস্থা এবং দীর্ঘ সময় ধরে বিনা বিচারে আটকে রাখা। নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তাও কর্তৃপক্ষ লঙ্ঘন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া কিছু বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকাণ্ডের ওপর আইনগত এবং অনানুষ্ঠানিক বাধানিষেধ আরোপ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ পর্যন্ত কত মানুষ নিহত হয়েছে, সে সংখ্যা সরকার নিশ্চিত তো করেইনি, বরং ওই সব ঘটনা তদন্তে এবং দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সরকারি পদক্ষেপ খুবই সীমিত। সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর বলে এসেছেন, এ ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ দেখাবে এবং বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ড পুরোপুরি তদন্তের ব্যবস্থা করা হবে। কিন্তু গণমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠন বলেছে, গত বছর এ ধরনের একটি ঘটনায়ও কাউকে ফৌজদারি দণ্ড দেওয়া হয়নি।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি হিসাব দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রথম আট মাসে র্যা বসহ বিভিন্ন বাহিনীর হাতে ১১৩ জন নিহত হয়। আরেকটি বেসরকারি সংস্থা অধিকার বলেছে, ওই বছরের প্রথম নয় মাসে এভাবে নিহত হয় ১৩৬ জন। ওই বছরের এপ্রিলে নারায়ণগঞ্জে র্যা ব সদস্যরা প্রকাশ্যে সাতজনকে অপহরণ এবং হত্যা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, হুমকি বা হয়রানির মাধ্যমে সরকার পরোক্ষভাবে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। সাংবাদিকেরা জানিয়েছেন, বিরোধীদের কর্মসূচি বা বিবৃতি প্রচার না করার জন্য বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনামূলক খবর প্রকাশ করায় বাংলাদেশের বহুল প্রচারিত দুটি সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার-এর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে দেওয়া হয় না।
বিশ্ব পরিস্থিতি
প্রতিবেদনে কড়া ভাষায় কিউবা, মিয়ানমার, ইরান ও ভিয়েতনামের সমালোচনা করা হয়। প্রায়শই ‘যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই’ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হারের মৃত্যুদণ্ডের জন্য ইরানের নিন্দা করা হয়। কিউবা প্রসঙ্গে বলা হয়, জানুয়ারি মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিলেও এখনো কোনো কোনো রাজনৈতিক বিরোধীকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না বা বিদেশ থেকে ফিরলে হয়রানি করা হচ্ছে। এতে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর ‘নির্মমতারও’ নিন্দা করা হয়।
প্রতিবেদনের ভূমিকায় জন কেরি বলেন, বহু দেশের সরকার এখনো স্বাধীন মতপ্রকাশ, দল বা সংগঠন করা এবং সভা-সমাবেশের অধিকার ইত্যাদি দমনমূলক নীতির মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
প্রতিবেদন অনুযায়ী মানবাধিকারের প্রতি অন্য হুমকিগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, দুর্নীতি ও সন্ত্রাস মোকাবিলায় সরকারগুলোর এমন সব উদ্যোগ, যা ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। এটি উপস্থাপনের সময় জন কেরি বলেন, মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ সব দেশেরই উন্নতি করার অবকাশ রয়েছে। এ প্রসঙ্গে তিনি গত বছর মার্কিন সমাজে সংঘটিত বর্ণগত সহিংসতার কথা উল্লেখ করেন।