আস্থা ফিরিয়ে আনতে ইসি বদ্ধপরিকর

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘নির্বাচন নিয়ে সব ধরনের অনাস্থা-অবিশ্বাসের উত্তরণ ঘটিয়ে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বর্তমান কমিশন বদ্ধ পরিকর। এ ক্ষেত্রে কারও কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।'
আজ মঙ্গলবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে পাবনার দুই উপজেলার উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আগামী ৬ মার্চ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশনার আরও বলেন, পাবনার দুটি উপজেলাতেই আসন্ন উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সবার অংশগ্রহণে সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ দেখতে চায় নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে কবিতা খানম বলেন, অবাধ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জিহাদুল কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র, র্যাব-১২ পাবনার ক্যাম্পের সহকারী পরিচালক থোয়াই মারমা ও জেলা আনসার অ্যাডজুট্যান্ট সৈয়দ মোস্তাক হাসানসহ নির্বাচন কর্মকর্তা, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।