
দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রতি মানুষের আস্থা ফেরাতে ছোট ছোট দুর্নীতিবাজের পরিবর্তে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটাই মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হোসে কার্লোস উগাস। গতকাল সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দুদকের দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুই দিনের ঢাকা সফরের শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যমের মুখোমুখি হন বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআইয়ের চেয়ারপারসন। তিনি বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমকে কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক নয়। মানুষের আস্থা ফেরাতে দৃশ্যমান ব্যবস্থা থাকতে হবে। এ সময় তিনি তাঁর নিজের জন্মস্থান পেরুর প্রেসিডেন্টসহ দেশটির উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থার কথাও তুলে ধরেন।
টিআই চেয়ারপারসন আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকাণ্ডের পাশাপাশি বৈশ্বিক দুর্নীতি প্রতিরোধে সরকারগুলোকে সমন্বিত ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন ত্বরান্বিত করতে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য ছিল।
হোসে কার্লোস উগাস আশঙ্কা প্রকাশ করে বলেন, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল আইনটির কারণে নাগরিক সমাজের কথা বলার সুযোগ সীমিত হয়ে পড়বে। তিনি বলেন, ‘আমরা সরকারের শত্রু নই। আমরা দুর্নীতিবাজদের শত্রু, দুর্নীতির শত্রু। দুর্নীতিবিরোধী কার্যক্রমে আমরা সরকারকে সহায়তা করতে চাই। বাংলাদেশের জনগণের কল্যাণের জন্যই আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।’
৬ অক্টোবর জাতীয় সংসদে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল পাস হয়। এই আইনের ১৪ ধারায় বলা হয়েছে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) নিবন্ধন বাতিল করতে পারবে।
অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বিলের ১৪ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নাগরিক ও সংগঠনের জন্য অনেক অধিকার আছে। এ আইনে সেই অধিকার ক্ষুণ্ন হবে। তিনি বলেন, নতুন আইনে বলা হয়েছে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন বক্তব্য দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এখানে বিদ্বেষমূলক এবং অশালীন বক্তব্যের সংজ্ঞা কী, সেটা ব্যাখ্যা করা হয়নি। তাই এর অপব্যবহারের ঝুঁকি রয়েছে।
নতুন এ আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হোসে কার্লোস উগাস বলেন, ‘নাগরিক সমাজ কীভাবে কাজ করবে তার একটি আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। আমি মনে করি আইনের কারণে নাগরিক সমাজের কথা বলার সুযোগ সীমিত হয়ে যাবে। প্রত্যাশা করি সরকার সুযোগটি সীমিত করবে না, কারণ আমরা শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি।’
সফরকালে টিআইয়ের চেয়ারপারসন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, আউটরিচ কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান উল আলম।