আস্থা বাড়ছে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সইতে না পেরে চার মাসের শিশুসন্তানকে নিয়ে ২০১৩ সালে বাবার বাড়িতে ফিরে যান চট্টগ্রামের পটিয়ার রাজিয়া সুলতানা। ওই বছরই তিনি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। কিন্তু মামলাজটে বিচার পেতে দেরি হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন।
গত বছরের ডিসেম্বর মাসে অভিযোগটি নিষ্পত্তির জন্য রাজিয়া সুলতানা চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ে যান। এক মাসের মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় দুই পক্ষ মীমাংসা চুক্তি করে। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে এবং স্বামী দেনমোহরের পাঁচ লাখ টাকা দিতে সম্মত হন। রাজিয়াও টাকা পাওয়ার পর মামলা তুলে নেবেন বলে চুক্তিতে সম্মত হন।
রাজিয়ার বাবা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘এক আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে যাই। এক মাসের মধ্যেই আমার মেয়ে বিচার পেয়েছে। না হলে কত দিনে মামলাটির নিষ্পত্তি হতো, কে জানে! আমার মেয়েকে আবার পড়াশোনা করাচ্ছি।’
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফারহানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় (এডিআর—অলটারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন) খুব অল্প সময়েই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। মীমাংসাযোগ্য বিরোধগুলো আমরা এই পদ্ধতিতে সমাধান করতে চাই। অভিযোগকারীদের আমরা এ পথে এগোনোর পরামর্শ দিই। এতে তাঁরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি আদালতের ওপরও মামলার চাপ কমছে।’
২০১৪ সালে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হয়। প্রথম বছরে মাত্র ১০টি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়। কিন্তু ২০১৫ সালে ১০৪টি বিরোধ নিষ্পত্তি করা হয়। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৭টি বিরোধ এই ব্যবস্থায় মীমাংসা করা সম্ভব হয়েছে। বর্তমানে ৬২টি বিরোধের নিষ্পত্তি চলমান রয়েছে। এ পদ্ধতির সুফলভোগীদের অধিকাংশই নারী। চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয় অবস্থিত। দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হয় এখানে।
পারিবারিক বিরোধ, যৌতুক, মোহরানা-খোরপোশ আদায়, বিবাহবিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে, প্রতিবেশীর সঙ্গে বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধসহ ছোটখাটো অপরাধগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় মীমাংসা করা হয়। তবে হত্যা-অপহরণ, হত্যাচেষ্টা, ধর্ষণের মতো গুরুতর দণ্ডনীয় অপরাধ এ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয় না।
আদালত সূত্র জানায়, মামলা না করেও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগী ব্যক্তিরা স্বল্পতম সময়ে ন্যায়বিচার পেতে পারেন। জেলা লিগ্যাল এইড অফিসার একজন সিনিয়র সহকারী জজ। সাধারণত কোনো ভুক্তভোগী ব্যক্তি জেলা লিগ্যাল এইড কার্যালয়ে প্রতিকার পেতে গেলে লিগ্যাল এইড অফিসার তাঁর আবেদনটি আমলে নেন। এরপর অভিযোগের গুরুত্ব বুঝে সেটি আপস-মীমাংসাযোগ্য হলে তিনি ভুক্তভোগীকে মীমাংসার পরামর্শ দেন। আবেদনকারী রাজি হলে তারপর জেলা লিগ্যাল এইড কার্যালয় থেকে অপর পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নির্ধারিত দিনে দুই পক্ষ হাজির হলে লিগ্যাল এইড অফিসার তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করেন। আপস-মীমাংসার মাধ্যমে সমস্যাটির সমাধান হলে মীমাংসার চুক্তি হয়। এই চুক্তি দুই পক্ষই মানতে আইনগতভাবে বাধ্য। আর যদি সমস্যাটি আপসের মাধ্যমে সমাধান করা না যায়, তখন লিগ্যাল এইড কার্যালয় থেকে ভুক্তভোগী ব্যক্তিকে সংশ্লিষ্ট আদালতে মামলা করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
এডিআর-পদ্ধতির মতো সালিস বা মধ্যস্থতার মাধ্যমে পারিবারিক বিরোধ মেটাতে সহায়তা দেয় বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪৭টি পারিবারিক বিরোধের মধ্যস্থতা করেছে ব্লাস্টের চট্টগ্রাম কার্যালয়।
সংস্থাটির চট্টগ্রামের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, এডিআর-পদ্ধতিটাকে জনপ্রিয় করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। উন্নত বিশ্বে বিরোধ মেটানোর জন্য এটি খুবই জনপ্রিয় ব্যবস্থা।