আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে ভোটার, দল ও প্রার্থীদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির ওপর জোর দিতে চান সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা বুঝতে চান তাঁরা। পাশাপাশি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনে নিয়মিত বাহিনী হিসেবে সেনাবাহিনী মোতায়েন, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ রাখার মতো কিছু সুপারিশও তাঁরা তুলে ধরবেন।
ইসির সংলাপে আমন্ত্রণ পাওয়া কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁদের এই মনোভাবের কথা জানা গেছে। তাঁরা সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও একদিনে একসঙ্গে ৫৯ জনকে সংলাপে ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেননা, আলোচনার জন্য সময় নির্ধারণ করা আছে দুই ঘণ্টা। অর্থাৎ, বক্তব্য উপস্থাপনের জন্য একেকজন গড়ে মাত্র দুই মিনিট করে সময় পাবেন।
পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে আমন্ত্রিত ব্যক্তিদের একজন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের প্রত্যাশা, ইসি এমন নেতৃত্ব দেখাতে পারবে, যার ফলে ভোটার থেকে শুরু করে প্রার্থী—সব অংশীজনের মধ্যে আস্থা তৈরি হবে যে তারা সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র নিশ্চিত করতে পেরেছে।’
সংলাপে আরেক আমন্ত্রিত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য ইসি কী কী পদক্ষেপ নিচ্ছে, বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ হচ্ছে কি না, তাদের দাবি কতটুকু মানা হচ্ছে, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ স্বচ্ছভাবে হচ্ছে কি না, সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্য ইসির স্পষ্ট কর্মপরিকল্পনা কী, এ বিষয়গুলো আলোচনায় আসা উচিত।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে সাধারণ ভোটার ও বিরোধী প্রার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে প্রার্থী হতেও ভয় পান। এই শঙ্কা দূর করতে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা জরুরি। তিনি বলেন, সুযোগ পেলে বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে। এ ছাড়া প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ভেঙে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার সুপারিশ করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ (আরপিও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পুলিশ, আর্মড পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ডকে বোঝানো হয়েছে। এতে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কথা নেই। গত নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ব্যবহার করা হয়েছে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, বর্তমান সংবিধানের আলোকে বাস্তবতা বিবেচনায় ভালো নির্বাচন সম্ভব কি না—এ বিষয়গুলো আলোচনায় আসা দরকার। ভোটারদের মধ্যে একধরনের আতঙ্ক ঢুকে গেছে। আস্থা ফেরাতে নির্বাচন কমিশন কী করবে, কীভাবে ভয় দূর করবে—এগুলো আলোচনায় আনা হবে।
সময় নিয়ে ক্ষোভ
নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত দুই ঘণ্টা সময় রেখেছে। আমন্ত্রণ পাওয়া অনেকে বিষয়টি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। একসঙ্গে ৫৯ জনের জন্য এই সময় খুবই অপ্রতুল। ইসির এক কর্মকর্তা বলেছেন, প্রয়োজনে সময় বাড়ানো হবে।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, ৫৯ জনকে একসঙ্গে আমন্ত্রণ না করে ১০ জন করে আলাদাভাবে সংলাপ করলে ভালো হতো। তোফায়েল আহমদ মনে করেন, একসঙ্গে ৫৯ জন দুই ঘণ্টায় আলোচনা করতে গেলে আলোচনার পরিবেশ থাকবে না। আর আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, এই সময়ের মধ্যে অর্থবহ আলোচনা সম্ভব নয়। তিনি মনে করেন, কেউ চাইলে যেন লিখিত পরামর্শ দিতে পারেন, সেই সুযোগ রাখা উচিত।