
চট্টগ্রামের উন্নয়নে সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ের কাজটি মেয়রকেই করতে হবে। একই সঙ্গে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। গত এক বছরে চট্টগ্রামের মেয়র বিলবোর্ড অপসারণের ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। বর্ষায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি না হলেও নগরের পরিচ্ছন্নতাসহ বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক কার্যক্রম হাতে নিয়েছেন মেয়র। এ কারণে মানুষের মধ্যে আশা ও আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে। মানুষের এই আস্থার প্রতিদান দিতে হবে মেয়রকে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। গতকাল রোববার বিকেলে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ‘মেয়রের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছরের ২৬ জুলাই চট্টগ্রামের মেয়রের দায়িত্ব নেন আ জ ম নাছির। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বৈঠকে চট্টগ্রামের মেয়রের এক বছরের কাজের মূল্যায়ন করে বিশিষ্টজনেরা বলেন, গত এক বছরে মেয়রকে সক্রিয় মনে হয়েছে। এতে করে তাঁর প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে। তবে মেয়র এই আস্থার প্রতিদান দিতে না পারলে জনগণের আশাভঙ্গ হবে।
গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিলবোর্ড উচ্ছেদে বড় সাফল্য আছে মেয়রের। তরুণসমাজকে জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে সরিয়ে রাখার উদ্যোগ নিতে পারেন মেয়র। সিটি করপোরেশন এলাকায় মাতৃমৃত্যুর হার শূন্যে নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ আছে মেয়রের।
বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব, বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আলী আশরাফ, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বৃহত্তর আগ্রাবাদ-হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।
বৈঠকে নিজের এক বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দায়িত্ব পালন করছি না। শতভাগ সেবার মানসিকতা নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই নগরকে এগিয়ে নিতে হবে।’ জনগণ এগিয়ে না এলে বিশ্বমানের নগরের প্রত্যাশাও পূরণ হবে না বলে উল্লেখ করে মেয়র বলেন, ‘দিনের পরিবর্তে রাতের বেলায় বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছিলাম। রাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যাপক প্রচারণাও চালিয়েছি। কিন্তু ফলাফল শূন্য।’ তবে বসে না থেকে আগামী ১ আগস্ট থেকে প্রাথমিকভাবে সাতটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, গৃহকর ধার্য করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। করপোরেশন শুধু আদায় করতে পারে। অথচ কর বাড়ানো নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত অর্থবছরে বাড়তি ৫০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে করপোরেশনের।
মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘আমাদের কোনো মেয়র মহাপরিকল্পনা উল্টেপাল্টে দেখেননি। মহাপরিকল্পনা অনুযায়ী কাজও করেননি। আজকে যাঁরা উড়ালসড়ক করছেন, তা তো মহাপরিকল্পনায় নেই। যেটি মহাপরিকল্পনায় আছে সেটির কিছুই করেননি। উড়ালসড়কের চমক একটা আছে, ব্যস। ওটা করে দিলেই হলো। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের নগর অভিভাবক যা চান, তা বুঝেই কাজ করতে হবে।’