আস্থার সংকটে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফার উপজেলা নির্বাচন আস্থার সংকটে ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হলেও পরের পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে ছিল না। সহিংসতা ও কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনা মাত্রা ছাড়িয়ে যায়।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেছেন, উপজেলা নির্বাচনের পর কমিশন আস্থার সংকটে পড়ল। ভবিষ্যতে সরকারদলীয়রা ছাড়া সাধারণ মানুষ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে।

গত ১৫ মার্চ তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। সহিংসতারও ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে ২৩ মার্চের চতুর্থ দফা উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের কিছু তৎপরতা দেখা যায়। নির্বাচনের মাঝপথে হঠাৎ বিদেশে চলে যাওয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ যুক্তরাষ্ট্র থেকে একটি ই-মেইল বার্তায় নির্বাচন সুষ্ঠু করতে পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন। কিন্তু চতুর্থ দফা নির্বাচনে কারচুপি আর অনিয়ম তো কমেইনি, বরং কয়েক গুণ বেড়েছে। আর সর্বশেষ ৩১ মার্চ পঞ্চম দফা নির্বাচনে পরিস্থিতির আরও অবনতি হয়। অভিযোগ আছে, প্রশাসনের সহায়তায় সরকারদলীয় কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার উৎসব করেন। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

শুধু উপজেলা নির্বাচন নয়, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও পারেনি কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবা আখতারকে যখন সরকারদলীয় প্রার্থী ও তাঁর লোকেরা ঘিরে ফেলেন, জোর করে ফল ঘোষণায় বাধ্য করেন, তখনো কমিশনের কোনো নড়চড় দেখা যায়নি। নেওয়া হয়নি আইনানুগ কোনো ব্যবস্থা।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারক নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিএনপি ‘নাকে খত’ দিয়ে নির্বাচনে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নির্বাচন সুষ্ঠু করতে বিগত নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের ছিটেফোঁটাও এবার চোখে পড়েনি। বিগত কমিশনের কাজগুলো এগিয়ে নেওয়ার পরিবর্তে বেশির ভাগ ক্ষেত্রেই কমিশন সেগুলো বাদ দিয়েছে। এবারের নির্বাচনে কমিশনের নিজস্ব কোনো তদারকি দল ছিল না। পুলিশের কার্যক্রম তদারকের জন্য কোনো দল ছিল না। প্রার্থীরা আচরণবিধি ঠিকমতো মানছেন কি না, সে জন্য কমিশনের লোকবলকে কাজে লাগানো হয়নি। কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন পরিচালনা থেকে দূরে রেখে শুধু দাপ্তরিক কাজে লাগানো হয়েছে। অথচ বিগত কমিশন এসব ব্যাপারে নিজস্ব লোকবলের ওপর নির্ভর করেছে।

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উপজেলা নির্বাচনে কমিশনের নিজস্ব লোক দিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব কমিশন সচিবালয় থেকে দেওয়া হয়েছিল। কিন্তু গত ১৮ জানুয়ারি তফসিল ঘোষণার আগের দিন সচিবালয়ের এই প্রস্তাব নাকচ করে দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কয়েকটি উপজেলায় নিজস্ব কর্মকর্তাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

দেখা গেছে, সরকারি কর্মকর্তারা কমিশনের সিদ্ধান্ত সেভাবে মানেননি। পুলিশও কমিশনের নির্দেশমতো কাজ করেনি। তা ছাড়া, কমিশনের সদস্যরা এবার বিভাগ বা জেলা পর্যায়ে সফর করে সরকারি কর্মকর্তাদের কোনো নির্দেশ দেননি। রিটার্নিং কর্মকর্তারা বেশির ভাগ ক্ষেত্রেই প্রিসাইডিং কর্মকর্তা করেছেন সংশ্লিষ্ট উপজেলার বেসরকারি কলেজের শিক্ষকদের। এই শিক্ষকদের কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাধারণত স্থানীয় সাংসদ বা আওয়ামী লীগের নেতারাই হয়ে থাকেন। ফলে তাঁদের পক্ষে স্থানীয় সাংসদ বা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকে না।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ স্বীকার করেছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তিনি গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ কথা বলতে দ্বিধা নেই যে আমরা যাঁদের দিয়ে কাজ করিয়েছি, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। সে জন্য কিছু কিছু ক্ষেত্রে যে নির্বাচন হয়েছে, তা যে খুব সুষ্ঠু হয়েছে, তা বলা যাবে না।’