বিমানবাহিনীতে নতুন প্রশিক্ষণ যুদ্ধবিমান, হেলিকপ্টার
আস্থার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার চেতনায় চালিত হলে সম্পদের সীমাবদ্ধতা কোনো বাধা হতে পারে না। বাংলাদেশ আস্থার সঙ্গে এগিয়ে যাবে এবং বিশ্বে মর্যাদার স্থান করে নেবে। এ দেশ তার জাতীয় বাজেটের ৯০ শতাংশ নিজস্ব সম্পদে বাস্তবায়ন করে।
ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে গতকাল রোববার এক অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিমানবাহিনীতে ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান এবং এডব্লিউ-১৩৯ নৌ-তল্লাশি ও উদ্ধার হেলিকপ্টার সংযোজন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের সব সময় এ কথা মনে রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি। আমরা কখনো অন্যের কাছে মাথা নত বা পরাজয় স্বীকার করি না। বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের এ লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
নতুন বিমান ও হেলিকপ্টার সংযোজন উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টারের সংযোজন আদেশ অফিসার কমান্ডিং বিএএফ উইং কমান্ডার এম আব্বাস আলী এবং ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের সংযোজন আদেশ অফিসার কমান্ডিং বিএএফ উইং কমান্ডার হাসান আশরাফুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
প্যারেডের পর প্রধানমন্ত্রী বিমান ও হেলিকপ্টারের ফ্লাইং ডিসপ্লে প্রত্যক্ষ করেন। তিনি বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের সামগ্রিক কার্যক্রম ও নতুন সংযোজিত প্রশিক্ষণ বিমানের স্ট্যাটিক ডিসপ্লেও প্রত্যক্ষ করেন।
শেখ হাসিনা ঘোষণা করেন, বিমানবাহিনীতে শিগগিরই পাঁচটি নতুন এমআই-১৭১-এসএইচ হেলিকপ্টার এবং ১২ পিটি-৬ প্রশিক্ষণ বিমান যুক্ত হবে। ফাইটার প্লেন চালাতে সক্ষম দক্ষ বৈমানিক তৈরি করতে উন্নত প্রশিক্ষণ জেট কেনা হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ওয়াইএকে-১৩০ প্রশিক্ষকেরা প্রশিক্ষণার্থীদের ঝুঁকি কমাবেন ও বিমানবাহিনীর বৈমানিকদের উন্নত প্রশিক্ষণ দিতে সহায়তা করবেন। এর সঙ্গে এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার দেশের দীর্ঘ উপকূলে দুর্যোগকালীন আবহাওয়ায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় সহায়তা করবে।
রাশিয়ার তৈরি ফোর্থ প্লাস প্রজন্মের প্রশিক্ষণ যুদ্ধবিমান ওয়াইএকে-১৩০-এর সঙ্গে ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম, অ্যাটাক সিস্টেম ও ডিজিটাল ফ্লাই-বাই-ওয়ার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সজ্জিত রয়েছে।
আর ইতালির অগাস্টা ওয়েস্টল্যান্ড এডব্লিউ-১৩৯ হেলিকপ্টারের বৈশিষ্ট্য হলো পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড এভয়নিক্স সিস্টেম ও ৪ এক্সিস ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ উন্নত প্রযুক্তির সন্নিবেশ। নৌ-তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টারটিতে উচ্চ প্রযুক্তির ফরোয়ার্ড লুকিং ইনফ্রারেড সিস্টেম, ডাইরেকশন ফাইন্ডার, নাইট ভিশন গুগলস, সার্চ লাইট সজ্জিত রয়েছে।