সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে সরিয়ে রেখে নিরাপত্তা সহযোগিতা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে চায় মিয়ানমার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারকে সই করতে রাজি হয়েছে। বাংলাদেশও নিরাপত্তা সহযোগিতায় গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত রোববার প্রথম আলোকে বলেন, স্থলসীমান্ত সহযোগিতা এবং নিরাপত্তা সংলাপ ও সহযোগিতাবিষয়ক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমটির প্রস্তাবক মিয়ানমার এবং দ্বিতীয়টির প্রস্তাবক বাংলাদেশ।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগে মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে। এতে করে দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছি।’
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, উন্নয়নের জন্য আস্থা ও সহযোগিতাবিষয়ক একটি রূপরেখা চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত বছরের আগস্টে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আটটি ক্ষেত্রকে চিহ্নিত করে ওই চুক্তির খসড়া তৈরি হয়েছে। মিয়ানমার এটি পর্যালোচনার পর মতামত দিলে তা চূড়ান্ত করা হবে।
বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন, মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনের পর সুবিধাজনক সময়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্থলসীমান্ত সহযোগিতা এবং নিরাপত্তা সংলাপ ও সহযোগিতাবিষয়ক এমওইউ দুটি সই হবে। আগামী নভেম্বরে সেখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের কূটনীতিকেরা মনে করছেন, নিরাপত্তা খাতে মিয়ানমারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ইতিবাচক। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গটি এলেই দেশটি সব সময় একধরনের অনাস্থা দেখিয়ে এসেছে। আর এই অনাস্থাই দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের পথে একধরনের বাধা হিসেবে কাজ করেছে।
ঢাকা ও ইয়াঙ্গুনে বাংলাদেশের পক্ষে দায়িত্ব পালন করেন এমন কয়েকজন কূটনীতিক এ প্রতিবেদককে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি ঘটনা মিয়ানমারের মনোভাব পরিবর্তনে অনুঘটক হিসেবে কাজ করেছে। বিশেষ করে গত জুলাইয়ে বান্দরবানের সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনীর দুই অপহৃত সদস্যকে উদ্ধারের পর সে দেশে ফিরিয়ে দেওয়া, আগস্টে মিয়ানমারের বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠানো এবং গত সপ্তাহে বান্দরবানের থানচির দুর্গম এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান।
বিশেষ করে এসব ঘটনা বাংলাদেশের ওপর মিয়ানমারের আস্থা স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ, মিয়ানমার সব সময় অভিযোগ করে আসছে, সে দেশের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ সহায়তা দিচ্ছে। কিন্তু মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অপহৃত সে দেশের দুই সেনা সদস্যকে বাংলাদেশের ভূখণ্ডে খুঁজে পাওয়ার পর ফেরত পাঠানো হয়েছে। এরপর আরাকান আর্মির বিরুদ্ধে পরিচালিত বিজিবির অভিযানে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ কখনোই দেশটির বিচ্ছিন্নতাবাদীদের ন্যূনতম ছাড় দিতে রাজি নয়। আর বন্যার্তদের জন্য বাংলাদেশের মানবিক সহায়তাও দেশটিকে অভিভূত করেছে বলে জানা গেছে।
সাম্প্রতিক এসব ঘটনা ছাড়াও গত বছর মিয়ানমারের সীমান্তরক্ষীদের হাতে বিজিবির সদস্য মিজান হত্যার পর বাংলাদেশের সংযত আচরণও সম্পর্কোন্নয়নে ঢাকার সদিচ্ছাকে ইয়াঙ্গুন গুরুত্বের সঙ্গে দেখেছে। তাই গত বছরের জুনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের বৈঠকের ফাঁকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রধান বিজিবির মহাপরিচালককে বলেছিলেন, সীমান্তে প্রাণহানির মতো বিয়োগান্ত ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। এ ধরনের দুঃখজনক ঘটনা এড়াতে হবে। তবে এসব ঘটনার জন্য যাতে সম্পর্ক থেমে না থাকে, সেটি খেয়াল রাখতে হবে।
চুক্তিগুলোতে যা থাকছে: তিন চুক্তির মধ্যে স্থলসীমান্ত সহযোগিতার সমঝোতা স্মারকটি দুই পক্ষ সইয়ের জন্য চূড়ান্ত করেছে। এর মূল প্রতিপাদ্য হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে ঘটনা ঘটার পরপরই তথ্য বিনিময়; মাঠ পর্যায়ে কাজের প্রক্রিয়া অবাধ করতে সহযোগিতা এবং যোগাযোগের জন্য দুই পক্ষ থেকে নির্দিষ্ট কর্মকর্তা নির্বাচন। ভারতের সঙ্গে এ ধরনের একটি চুক্তির মাধ্যমে মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা করছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
নিরাপত্তা সংলাপ ও সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকটিতে মিয়ানমার তাদের মতামত দিয়ে বাংলাদেশকে পাঠিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করার পর সইয়ের জন্য প্রস্তুতি নেবে। এই সমঝোতা স্মারকে প্রতিরক্ষা; সীমান্ত ব্যবস্থাপনা জোরদার; অনুপ্রবেশ, মানব, মাদক ও জাল মুদ্রা পাচার রোধ; সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ; অস্ত্র চোরাচালান ও জাহাজে দস্যুতা দমন; জেলেদের অবৈধভাবে সমুদ্রসীমা অতিক্রম বন্ধ করার জন্য সহযোগিতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
আর ‘এ ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন ট্রাস্ট অ্যান্ড কো-অপারেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক খসড়া চুক্তিতে নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, সামুদ্রিক ও জ্বালানিসহ সহযোগিতার আটটি ক্ষেত্র রয়েছে।
শরণার্থী প্রত্যাবাসনে বিশেষ গুরুত্ব নয়: বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্কের ক্ষেত্রে তিন দশকের কাঁটা হয়ে আছে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের বিষয়টি। গত বছরের আগস্টে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আবার প্রত্যাবাসন শুরুর আশ্বাস দিয়েছিল মিয়ানমার। এরপরও তা শুরু হয়নি। প্রায় এক দশক পর রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েও কথা রাখেনি মিয়ানমার।
এ সম্পর্কে জানতে চাইলে ঢাকার কর্মকর্তারা বলেন, এ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে অন্য ক্ষেত্রে সহযোগিতার পথ বন্ধ করা ঠিক হবে না। কারণ, বাংলাদেশকে নিয়ে মিয়ানমারের মধ্যে নিরাপত্তাজনিত অনাস্থা কেটে যাচ্ছে। অনাস্থা কাটিয়ে আস্থার সম্পর্ক গড়াটা জরুরি। দুই প্রতিবেশীর মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা জোরদার হলে জ্বালানি, বাণিজ্য, যোগাযোগসহ অনেক ক্ষেত্রেই সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।