গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত আরও এক শ্রমিক মারা গেছেন। রাজধানীর ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা যান হোসেন আহমেদ ওরফে রাসেল (২৬) নামের ওই শ্রমিক।
রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত বলেন, টাম্পাকো দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। দুর্ঘটনার সময় দগ্ধ রাসেলকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অচেতন ছিলেন।
গতকাল রাতেই স্বজনেরা তাঁর লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁর বাবাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর আগে চিকিৎসার জন্য তাঁকে ১০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছিল।
টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত টাম্পাকো ফয়েলস কারখানায় ১০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সঙ্গে বিধ্বস্ত হয় কারখানার ভবন।