আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ কর্মসূচির দিন ৫ মে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত আরেক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম ফারহান হাসান ওরফে রাজা (৩৬)। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা ২৪-এ দাঁড়াল।

ওই ঘটনায় নিহত একজনের মরদেহ গত বুধবার রাতে বেওয়ারিশ হিসেবে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে অজ্ঞাতপরিচয় আরও দুটি লাশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ৫ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মতিঝিল এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফারহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

 চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজারামপুর গ্রামের মরহুম আইনজীবী সাইদুর রহমানের ছেলে ফারহান ১৫ দিন আগে ঢাকা গিয়েছিল বলে জানান তাঁর বড় বোন জাকিয়া পারভীন। তিনি জানান, ফারহান মায়ের সঙ্গে পৌর এলাকার আরামবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর অষ্টম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম প্রথম আলোকে জানান, ফারহান যুবদলের কর্মী ছিলেন। গত এক বছর থেকে তিনি দলে সক্রিয় ছিলেন। তিনি একসময় ছাত্রদলের সদর থানার সহসভাপতিও ছিলেন। ফারহান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম ভোর-এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

তবে ঢাকায় লাশ গ্রহণের সময় ফারহানের ভাই ফেরদৌস হাসান বলেছিলেন, ফারহান ৫ মে ঢাকায় এসেছিলেন। তবে কী কারণে এসেছেন তা তিনি জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফারহানের লাশ গতকাল বিকেলে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে থাকা একটি মরদেহ বুধবার রাতে বেওয়ারিশ হিসেবে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, লাশটির পরিচয় মেলেনি। বুধবার মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনো দুটি লাশ আছে। গতকাল রাত পর্যন্ত তাঁদেরও পরিচয় জানা যায়নি।