আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় নুরনবী নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনে।

৭ অক্টোবরের বিস্ফোরণের পরদিনই মারা যান আসামি হাবিব, এর পরদিন জোবায়ের এবং গতকাল মারা যান নুরনবী। এদিকে ঘটনার পর সাত দিন পেরোলেও মামলার প্রধান আসামি ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলামের হদিস পাচ্ছে না পুলিশ। পুলিশের দাবি, তাঁকে ধরতে অভিযান অব্যাহত আছে। এখনো বন্ধ রয়েছে লালখান বাজার মাদ্রাসা। ঘটনার পরদিনই মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহার। আজ সোমবার এক মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হবে। অপরদিকে মামলার আসামি হাবিব, জুনায়েদ ও ইছাহাককে তিন দিন ও এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।

১০ সদস্যের জিজ্ঞাসাবাদ দলের প্রধান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার অনিন্দিতা বড়ুয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না হারুন ইজাহার। তিনি এর আগে ঢাকায় জয়েন্ট ইন্টারগেশন সেলেরও মুখোমুখি হয়েছিলেন কয়েক বছর আগে। কোনো কিছু জিজ্ঞেস করতেই পাশ কাটিয়ে যাচ্ছেন। মুফতি ইজাহারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান অনিন্দিতা বড়ুয়া।

মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মামলার আসামি নুরনবীর মৃত্যু হয়েছে। অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না জানতে চাইলে লোকমান হোসেন বলেন, হারুন ইজাহার অনেক কিছু স্বীকার করতে গড়িমসি করছেন।

লালখান বাজার মাদ্রাসার ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ খুলশী থানায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাত বোমা উদ্ধার করে। পরে বিস্ফোরক ও অ্যাসিড মামলায় হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন আদালত।

তদন্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, হারুন ইজাহারকে এক মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কাল (সোমবার) আদালতে পাঠানো হবে। অপর মামলায় পরে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।