আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজন গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে। তাঁর নাম প্রমি আক্তার (৭)। সে মধ্যপ্রাচ্যপ্রবাসী মোহাম্মদ শফির মেয়ে।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চার। গত সোমবার ফটিকছড়ির সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে প্রমিসহ আরোহীরা দগ্ধ হন। তাঁরা বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যফেরত শফিকে নিয়ে ফটিকছড়ির বাড়ি ফিরছিলেন।

এ সময় ঘটনাস্থলে শফির মা চেমন আরা  বেগম, শাশুড়ি হালিমা খাতুন, ভাবি পারভীন আক্তার নিহত হন। এই ঘটনায় প্রমিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে প্রমি গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাশ বলেন, ‘প্রমির শরীরের ৭০ ভাগ পুড়ে যায়। সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। আমাদের এখানে ওই ঘটনায় আহত আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন।’