আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত কলেজশিক্ষক রিপন সাহা গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া তাঁর বন্ধু মিঠু সাহার অবস্থাও আশঙ্কাজনক।
রিপন সাহার (৩৫) বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। তাঁর মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। রিপন ভাইট বাজারের বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজে শিক্ষকতা করতেন।
গত শুক্রবার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের স্কুলশিক্ষক তাপস বিশ্বাস কালীগঞ্জ উপজেলার সাকো-মথনপুর গ্রামে বিয়ে করতে যান। ওই গ্রামের জোসনা বিশ্বাসের সঙ্গে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা বাসে করে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার ভোরে বারোবাজারে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ওই দিনই ১১ জন বরযাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪০ জন। যাঁদের অধিকাংশের বাড়ি ফুলহরি গ্রামে।