নরসিংদীর শিবপুরের কারারচর শিল্পনগর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হলো।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. আবু হেনা মোরশেদ জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহানাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে চারটায় কারারচর শিল্পনগরের সামনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মনোহরদীগামী মেঘালয় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন, জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনসহ নয়জনের মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়। নিহত অন্য নয়জনের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশোধনী: গতকাল প্রথম আলোর শেষের পৃষ্ঠায় ‘মুখোমুখি সংঘর্ষের পর দুই বাসে আগুন, নিহত ৯’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নরসিংদী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনের নামের জায়গায় মিজানুর রহমান হবে। মিজানুর রহমান বলেন, যানজটজনিত কারণে বুধবার তাঁদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সামান্য বিলম্ব হয়।