হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিন রাজধানীতে সহিংসতায় আহত এক ব্যক্তি গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে রোববারের সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৩।হাসপাতাল সূত্র জানিয়েছে, গত রোববারের সহিংসতায় আহত মো. আলমগীর (৩২) নামের এই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।মো. আলমগীর জাতীয় পার্টির (জাপা) সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির গেন্ডারিয়া থানা কমিটির সভাপতি ছিলেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।মো. আলমগীরের চাচা হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে আলমগীরের একটি দোকান ছিল। রোববার দুপুরে ব্যক্তিগত কাজে গুলিস্তানে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় আলমগীর মাথায় গুলিবিদ্ধ হন।এদিকে রোববারের ওই সহিংসতায় নিহত অজ্ঞাতনামা তিন ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। তাঁদের লাশ তিন দিন ধরে মর্গে পড়ে আছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে দুজনের লাশ। তাঁদের একজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁর পরনে ছিল নীল রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। আরেকজনের বয়স ২০ থেকে ২৫ বছর।অপর ব্যক্তির লাশ রয়েছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। পুলিশ সূত্র জানায়, রোববারের সহিংসতার পর সোমবার সকালে লালবাগ শাহি জামে মসজিদ থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।মর্গের কর্মী সুমন চন্দ্র লাল জানান, শনাক্ত না হলে আজ বৃহস্পতিবার বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।এ ছাড়া সোমবার নারায়ণগঞ্জে হেফাজতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ গতকাল শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। তাঁর নাম হারুন অর রশীদ খান (৪০)। তাঁর স্ত্রী ডালিয়া আক্তার লাশ শনাক্ত করেন। হারুন পেশায় হকার। তিনি হেফাজতের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।