কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আকাম উদ্দীন (৬৫)। তিনি ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের বাসিন্দা।
গত ২৪ সেপ্টেম্বর সকালে মাজপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুজন নিহত হন। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আকাম উদ্দীনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার সকাল আটটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। তিনজনই সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলীর সমর্থক। কেরামতের সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
ওই ঘটনায় নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৮৯ জনের নামসহ অজ্ঞাত৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই ফরিদুল ইসলাম বলেন, এ মামলায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া আদালতের পরিদর্শক রতন শেখ বলেন, দুপুরে ওই মামলার ৩১ জন নামীয় আসামি আদালতে আত্মসমর্পণ করেন। কুষ্টিয়া আমলি আদালত-৪-এর বিচারক মিজানুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।