আহত এক শিশুর অবস্থা সংকটজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা সরইয়ে ছাত্রাবাসে হাতির আক্রমণে আহত তিন ছাত্রের মধ্যে একজনের অবস্থার এখনো উন্নতি হয়নি। হাত-পায়ের ভাঙা জায়গায় ব্যান্ডেজ করে গতকাল মঙ্গলবার দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) থেকে ছেড়ে দেওয়া হলেও মেনথা ম্রোকে এখনো চিকিৎসাধীন রাখা হয়েছে।
অভিভাবকেরা জানিয়েছেন, হাত-পা ও মেরুদণ্ড ভেঙে যাওয়া তিন ছাত্রের কয়েকবার অস্ত্রোপচার করার পর দুজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেনথা ম্রোর সংজ্ঞা ফিরলেও আরও অস্ত্রোপচার করা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
লামা উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের চম্পাঝিড়িপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে গত শনিবার রাতে তিনটি পালিত হাতি আক্রমণ চালায়। এতে আহত পাঁচজনের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া মেনথা ম্রো (৯), কাংক ম্রো (১১) ও সা অং চাককে (১০) প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরে সিএমসিএইচে নেওয়া হয়।
চম্পাঝিড়ি ম্রোপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) লুং থই ম্রো বলেছেন, বহিরাগত হাতির মালিকেরা চিকিৎসার জন্য কিছু টাকা দিলেও কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হচ্ছেন না। তাঁদের পাড়ার ছাত্রাবাসটি ভেঙে যাওয়ায় ছাত্রদের এখন থাকার জায়গা নেই।
সরই ডলুছড়ি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) যোহন ত্রিপুরা বলেছেন, ‘এখন লুলাইন, ডলুছড়ি ও লেমুছড়ি এলাকাসহ সিলেটের বিভিন্ন অঞ্চল ১২টি পালিত হাতি রয়েছে। ওই হাতিগুলো প্রতিনিয়ত বাগান ও লোকালয়ে আক্রমণ চালাচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকায় টিকে থাকতে না পারার মতো অবস্থা হয়েছে।’
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহেদ আলী বলেছেন, হাতিগুলো অবৈধভাবে ওই এলাকায় রাখা হয়েছে। মালিকদের না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন ট্রাংকুলাইজার ব্যবহার করে হাতিগুলো আটক করা ছাড়া কোনো উপায় নেই।
লামা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ছাত্রাবাসে হাতির আক্রমণের কথা স্বীকার করে বলেছেন, ছাত্রদের চিকিৎসার পর অভিভাবকেরা অভিযোগ দিলে হাতির মালিকদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।