আহত এমিলের জ্ঞান ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমিলের জ্ঞান গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ফেরেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এমিল গত সোমবার ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হন। তাঁর পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরুতর আঘাত রয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।বাংলা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র এমিল চিকিৎসাধীন রয়েছেন ক্যাজুয়ালটি ওয়ার্ডে। গতকাল তাঁকে ঘিরে ছিলেন উদ্বিগ্ন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। স্বজনদের কেউ কেউ চিৎকার করে কাঁদছিলেন। চিকিৎসকেরা কিছুক্ষণ পর পর এসে সংজ্ঞাহীন এমিলকে দেখে যান।একই ঘটনায় আহত পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র তনয়ের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তিনিও ওই ওয়ার্ডে চিকিৎসাধীন। জানা যায়, প্রাণ বাঁচাতে তিনি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী হলের তিন তলা থেকে নিচে লাফিয়ে পড়েছিলেন। তবে মাটিতে পড়ার পর প্রতিপক্ষের কর্মীরা রড, লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাঁর পাঁজরের কয়েকটি হাড় ভেঙে দেন। বিকেলে ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ তারেক জানান, হাসপাতালে ভর্তির পর আঘাতের স্থান থেকে একবারেই তনয়ের প্রায় এক লিটার রক্ত বেরিয়েছে। রক্তক্ষরণ অব্যাহত থাকলে অবস্থার অবনতি ঘটতে পারে।সোমবারের সংঘর্ষে আহত আরও ছয় ছাত্র শিমুল, উজ্জ্বল, তন্ময়, সুজন, মিঠু ও মুন্নাও একই ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, তাঁদের প্রায় প্রত্যেকেরই সেরে উঠতে অনেকটা সময় লাগতে পারে। এঁদের মধ্যে উজ্জ্বলের হাতে ও শিমুলের পেটে গুলি লেগেছে, তন্ময়ের দুই হাত ও পা, মিঠু ও সুজনের হাতের হাড় ভেঙে গেছে। কারও কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।আহত শিক্ষার্থীদের দেখতে সারা দিনই হাসপাতালে ভিড় করেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যািলয়ের ছাত্রছাত্রীরা। তাঁরা জানান, ঢাকা মেডিকেলে এই আটজন ছাড়াও ওই সংঘর্ষে আহত আরও কয়েকজন ছাত্র ঢাকা ও সাভারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছাত্রদের গতকাল দেখতে এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। বিশ্ববিদ্যালয় ভালো চলছে দাবি করে তিনি বলেন, ‘আমি আর্মি বা পুলিশ নই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব লেখাপড়া দেখা। আমি আমার দায়িত্ব পালন করছি।’