আহত কলেজছাত্রীকে সার্জারি বিভাগে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় গত মঙ্গলবার বখাটের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রীকে (১৭) গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে। হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বখাটে ইমন মিয়াকে (২৪) গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পারভিন সিরাজ মহিলা কলেজের ওই ছাত্রীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ও হামলাকারী বখাটে ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলা একটার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদের সামনের সড়কে ওই কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অস্ত্রোপচার শেষে ওই কলেজছাত্রীকে আইসিইউতে রাখা হয়। গতকাল দুপুরে তাকে সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। হাসপাতালের উপপরিচালক মো. আবদুল গনি প্রথম আলোকে বলেন, মেয়েটি সার্জারি বিভাগের অধ্যাপক মো. আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় লাগবে।

গতকাল দুপুরে ইমনকে আসামি করে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মেয়েটির বাবা। মামলায় শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ইমনকে ঘটনার দিন মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে মেয়েটির বাবা থানায় মামলা করার পর বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মেয়েটির চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

গতকাল মানববন্ধনে কেন্দুয়া পৌর শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজছাত্রীর ওপর ওই হামলার নিন্দা জানিয়ে কেন্দুয়া পৌরসভার মেয়র মো. আসাদুল হক ভূঞা, কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের পূর্ব শান্তিবাগ এলাকায় ইমন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওই কলেজছাত্রীকে জখম করেন। এর আগে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জানান, মেয়েটির মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি কোপ লেগেছে।