আহত কামরুজ্জামানের জন্য বিরল গ্রুপের রক্ত এল মুম্বাই থেকে
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ কামরুজ্জামানের জন্য রক্ত আনা হয়েছে ভারতের মুম্বাই থেকে। গতকাল শনিবার বিমানে করে ‘বোম্বে’ গ্রুপের চার ব্যাগ রক্ত আনা হয়। বিরল এই গ্রুপের রক্ত বাংলাদেশে পাওয়া যায়নি।
গতকাল রাতে হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায়) আখতার জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, রক্ত পাওয়া যাচ্ছিল না বলে কামরুজ্জামানের অস্ত্রোপচার আটকে ছিল। রক্ত পাওয়া গেছে। খুব শিগগির অস্ত্রোপচার হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (রক্ত কর্মসূচি) ডা. মো. তারিক মেহেদী পারভেজ বলেন, ‘বোম্বে নামের বিরল এই গ্রুপের রক্ত বাংলাদেশে কারও আছে বলে আমাদের জানা ছিল না। রোগীর আত্মীয় এবং হাসপাতালের পক্ষ থেকে যখন আমাদের সঙ্গে রক্তের জন্য যোগাযোগ করা হয়, তখন বাইরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলাম।’
আরিনোবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গত ২০ মে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর বাঁ পা, বাঁ হাত ও কোমর ক্ষতিগ্রস্ত হয়। ২১ মে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক শেখ তুহিনুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতাম, কামরুজ্জামানের রক্তের গ্রুপ ও পজিটিভ। রক্ত দেওয়ার জন্য অফিসের চার-পাঁচজন হাসপাতালে আসে। কিন্তু কারও রক্ত মেলেনি বলে অস্ত্রোপচার স্থগিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।’
শেখ তুহিনুর আলম বলেন, রক্ত কেন মিলছে না বা সমস্যা কোথায়, তা জানার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) আরও কয়েকটি প্রতিষ্ঠানে রক্ত পরীক্ষা করা হয়। বিএসএমএমইউ বলেছে, কামরুজ্জামানের রক্তের গ্রুপ ‘ওএইচ পজিটিভ’। এই গ্রুপের রক্ত বোম্বে গ্রুপ নামে পরিচিত।
রেড ক্রিসেন্ট সোসাইটি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিরল এই রক্তের গ্রুপ প্রথম ধরা পড়ে ভারতের মুম্বাইতে, ১৯৫২ সালে। তখন থেকেই এই নামকরণ। বিএসএমএমইউর ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক নিত্যানন্দ শীল গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এটি খুবই বিরল গ্রুপের রক্ত।’
হাসপাতাল ও আরিনোবার পক্ষ থেকে ওয়েবসাইটে এই রক্তের সন্ধান চালানো হয়। তারা জানতে পারে, ভারতের মুম্বাই এলাকায় এই গ্রুপের রক্তের মানুষ আছে। তুহিনুর আলম বলেন, ‘আমরা থিঙ্ক ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সন্ধান পাই, তারা মানুষকে রক্ত দিয়ে সহায়তা করে। সংস্থার প্রধান বিনয় শেঠি সহায়তার আশ্বাস দেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, রক্ত আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের আইন। রক্ত আনা-নেওয়ার কোনো বিধান না থাকলেও দুই দেশের সরকারি কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় রক্ত আনা-নেওয়ার অনুমতি দেয়।
কামরুজ্জামানের রক্তের নমুনা নিয়ে ১৬ জুন তুহিনুর আলম মুম্বাইয়ে যান। বিনয় শেঠি চারজন রক্তদাতার (স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কোরি, মেহুল ভেলেকার ও প্রবীণ সিন্ধে) কাছ থেকে চার ব্যাগ রক্ত সংগ্রহ করে তুহিনুর আলমকে দেন।
তুহিনুর আলম গতকাল মুম্বাই থেকে রক্ত নিয়ে ঢাকায় পৌঁছান। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আজ কামরুজ্জামানকে এক ব্যাগ রক্ত দেওয়া হবে। আর দু-এক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার হবে।