আহত গৃহকর্মীকে গাড়িতে তুলে পালাল চালক

দ্রুতগতির একটি গাড়ি চাপা দিয়েছে আমেনা খাতুন নামের এক পথচারীকে। তিনি গৃহকর্মী। গাড়ি থামিয়ে চালক ও যাত্রীরা তাঁকে তড়িঘড়ি করে গাড়িতে তুলে নিয়ে ভেগে গেছেন। চার দিন আগে ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায়। এরপর থেকে আর আমেনা খাতুনের কোনো খোঁজ নেই। তাঁর সন্ধান পেতে ছবিসহ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, আমেনা খাতুন (৩০) নামের এক নারী উত্তরা পশ্চিম এলাকার ১৩ নম্বর সেক্টরের বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। তিনি ফুলবাড়ীয়া বালুর মাঠ এলাকায় সবুজের বাড়িতে ভাড়া থাকেন। ১১ জানুয়ারি সকালে তিনি শিল্পী আক্তার নামের এক সহযোগীকে নিয়ে ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের বাঁশপট্টির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি আমেনাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ দৃশ্য দেখে শিল্পী আক্তার চিৎকার শুরু করেন। শিল্পী আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই প্রাইভেট কারের চালক ও যাত্রীরা আমেনাকে আহত অবস্থায় গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যান। এরপর থেকে আমেনার আর কোনো খোঁজ নেই।