আহত গৃহবধূর মৃত্যু, স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জের মৈশতুয়া গ্রামে যৌতুকের দাবিতে স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার আহত গৃহবধূ রহিমা আক্তার (২০) মারা গেছেন।গতকাল রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার রাতে তিনি লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন গত বুধবার রাতে ওই গৃহবধূকে পিটিয়ে আহত করে। পরদিন সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে লাকসাম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা করেন।পুলিশ গৃহবধূর স্বামী ফারুক হোসেন (২৫) ও শাশুড়ি জমিলা খাতুনকে (৫৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠিয়েছে।রহিমার স্বামী ফারুক হোসেন পুলিশ হেফাজতে বলেন, ‘স্ত্রীকে আমি বেশি মারিনি। কাঠের টুকরা দিয়ে মাত্র দুটি বাড়ি দিয়েছি (আঘাত করা)। আমার মা ও মামাতো বোন শারমিন বেশি মেরেছে।’