আহত চার ফটোসাংবাদিকের বক্তব্য নিল তদন্ত কমিটি
সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও পরে কারারক্ষীদের হামলায় আহত সিলেটে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদসহ চার ফটোসাংবাদিকের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেছে ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। গত রোববার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের দপ্তরে ফটোসাংবাদিকদের বক্তব্য গ্রহণ করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান।
ফটোসাংবাদিকদের বক্তব্য গ্রহণকালে সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ কারাগারের জ্যেষ্ঠ জেলার আবদুল জলিল, কাশিমপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ফটোসাংবাদিকদের বক্তব্য গ্রহণকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর ও সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বি উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদের জামিনে মুক্তি-প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ছাত্রলীগের কর্মীরা কারা ফটকের ভেতরে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে প্রথম আলোর আনিস মাহমুদ, ফোকাস বাংলার শহীদুল ইসলাম, স্থানীয় যুগভেরীর মামুন হোসেন ঘটনাস্থলে গেলে কারারক্ষীরা তাঁদের মারধর করেন।