শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আহত ছাত্র ঢাকায়, শ্যামলী পরিবহনের কর্মকর্তা গ্রেপ্তার
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবরোধ-ভাঙচুর চলাকালে আহত শিক্ষার্থী রাশেদকে চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শ্যামলী পরিবহনের স্থানীয় ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।অন্যদিকে গতকাল সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি করেছেন, সড়ক অবরোধ চলাকালে যেসব গাড়ি ভাঙচুর হয়েছে, তার সঙ্গে বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা জড়িত নন। পরিবহন শ্রমিকেরা অন্যায়ভাবে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় আহত অবস্থায় রাশেদকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল দুপুর দুইটায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। তাঁর ডান হাত গুরুতরভাবে জখম হয়েছে। রাশেদ স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্র। সহকারী প্রক্টর মো. ফারুক উদ্দিন বলেন, ‘মদিনা মার্কেট এলাকা থেকে আরও কয়েকজনসহ রাশেদ বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওই সময় কিছুসংখ্যক লোক একটি গাড়ি থামানোর চেষ্টা করে। দূর থেকে কেউ একজন ঢিল ছুড়লে গাড়ির জানালা ভেঙে রাশেদের ডান হাতে আঘাত লাগে।’ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই কদমতলী এলাকা থেকে শ্যামলী পরিবহনের স্থানীয় ব্যবস্থাপক আবদুস সোবহানকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, পুরো ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।’সংবাদ সম্মেলন: নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের অবরোধের সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে কিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এটি ঠিক নয়। সড়ক অবরোধ চলাকালে যেসব গাড়ি ভাঙচুর হয়েছে তার সঙ্গে বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা জড়িত নন।উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর অন্যায়ভাবে হামলা করেছে শ্যামলী পরিবহনের লোকজন। এলাকাবাসী, বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অথচ আমাদের শিক্ষক ও ছাত্রদের অজ্ঞাত যুবকরা লাঠিসোঁটা, দা-ছোরা নিয়ে মদিনা মার্কেট থেকে সুরমা এলাকা পর্যন্ত ধাওয়া করে মারার চেষ্টা করেছে। তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইয়াসমিন হক, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. ইউনূস, ছাত্র হলের প্রভোস্ট হাসানুজ্জামান, ছাত্রী হলের প্রভোস্ট নাজিয়া চৌধুরী, পরিবহন প্রশাসক এম এ গনি প্রমুখ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় প্রক্টর এস এম সাইফুল ইসলাম ও পাঁচ শিক্ষার্থীকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার শ্যামলী পরিবহনে আটকে রেখে মারধর করা হয়। এ খবর পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১১টার দিকে কিছুসংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মদিনা মার্কেট এলাকার দোকানপাট ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায়। রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।