আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের কর্মী সৈয়দ কামরুল ইসলাম মারা গেছেন। তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।কামরুল ইসলাম প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল শহরতলির মনু ব্যারেজ এলাকায় সন্ত্রাসী হামলায় কামরুল আহত হন। প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানে তিনি মারা যান। এদিকে কামরুল ইসলামের মৃত্যুর খবর শুনে তাঁর বন্ধু ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রলীগ গতকাল মৌলভীবাজার শহরের সদর হাসপাতাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শ্রীমঙ্গল সড়ক, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড) হয়ে চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। সেখানে ছাত্রলীগের নেতা জুবায়ের আহমদের পরিচালনায় এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের নেতা শাহজাহান সিরাজ, গোলাম মোশাররফ, মতিউর রহমান, সামছুজ্জামান, আকিকুর রহমান, জসীম উদ্দীন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কামরুলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।