
রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগের নেতা শরীফুল ইসলাম সাদ্দামকে আজ বুধবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নগরের মেহেরচন্ডি মধ্যপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২২), বাজে কাজলা এলাকার ফজলুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২০), কাজলা এলাকার উকিল আলীর ছেলে শান্ত (২০) ও সরমান খাঁর ছেলে সুজন আলী (১৯)।
গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলামের (সাদ্দাম) ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ফুসফুস কেটে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী তুফানকে গুলি করা হয়। আহত অবস্থায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ছাত্রশিবিরের ক্যাডার বলে ছাত্রলীগ অভিযোগ করে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আজ ভোর থেকে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ছাত্রলীগের আহত নেতা শরীফুল ইসলামকে আজ বেলা তিনটার দিকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত গোলাম রাব্বানীর শরীর থেকে গুলি অপসারণের পর তাঁর অবস্থা শঙ্কামুক্ত। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এম এ মোমেন প্রথম আলো ডটকমকে বলেন, শরীফুল ইসলাম প্রাথমিক ঝুঁকি কাটিয়ে উঠছেন। তার পরও তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহীতে এ বিষয়ের কোনো সার্জারি বিশেষজ্ঞ নেই। তা ছাড়া তাঁর সারা শরীরেরই জখম রয়েছে। পরবর্তী সময় যেকোনো জটিলতা দেখা দিতে পারে। এজন্য অধিক নিরাপত্তার কথা ভেবে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা করাতে পারেন।