আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রলীগ নেতা নাঈমুল চৌধুরী (২০) গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শাহেরখালী ইউনিয়নে নিজ দলের কর্মীদের কিরিচের কোপে আহত হন নাঈমুল। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন বলেন, নাঈমুল নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ছাত্রলীগের একটি পক্ষ নাঈমুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নাঈমুল ও তাঁর ভাই শরিফকে ধরে নিয়ে যায়। শরিফ হামলাকারীদের হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচলেও কুপিয়ে মারাত্মক জখম করা হয় নাঈমুলকে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলেন, ঘটনাটি ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। পরে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের দুটি পক্ষ জড়িয়ে যায়।
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হামলায় ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।