বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আহত ছাত্রীকে চিকিৎসা দেবে কর্তৃপক্ষ, আন্দোলন স্থগিত
বাসের চাপায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রীর চিকিৎসার ব্যয়ভার গ্রহণসহ পাঁচ দফা দাবি গতকাল সোমবার মেনে নিয়েছে কর্তৃপক্ষ। দুই দিনের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে দুই দিনের জন্য শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বাসের নিচে চাপা পড়ে আহত ছাত্রী সুবর্ণা মজুমদারের চিকিৎসার সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, তাঁকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে হবে, বাসচালককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে গতিরোধক নির্মাণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করতে হবে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল সকাল থেকেই তাঁদের দাবি আদায়ে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসে বিক্ষোভ করেন। সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাঁরা টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বেলা একটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। দুইটার দিকে উপাচার্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং আগামী দুই দিনের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি পেয়ে তাঁদের আন্দোলন কর্মসূচি আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার স্থগিত ঘোষণা করা হয়। তবে এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
গত রোববার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুবর্ণা মজুমদার গুরুতর আহত হন। ওই দিন দুপুরেই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুবর্ণার চিকিৎসার খরচের জন্য গতকাল পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া বাসচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা প্রসঙ্গে অতিরিক্ত প্রক্টর মো. আশীকুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সব দাবিই মেনে নিয়েছি। তারা যেসব দাবি করেছে, সব কটি মেনে নেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর চালকের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।’
স্কুলছাত্র নিহতের ঘটনায় আন্দোলন চলছে
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় গতকাল এলাকাবাসী বিক্ষোভ করেছে। এদিকে তিন দিন ধরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
গতকাল সকালে কোটালীপাড়ার ঘাঘড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদের আলী মিয়া গোপালগঞ্জ শহরে জেলা পরিষদ কার্যালয়ে যান। তখন বাসশ্রমিকেরা তাঁকে কৌশলে তাঁদের কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। এ খবর পেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে পয়সারহাট-গোপালগঞ্জ সড়কে বিক্ষোভ করেন। পরে র্যা ব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইউপি চেয়ারম্যান নাদের আলী বলেন, ‘আমাকে দুই ঘণ্টা শ্রমিকদের কার্যালয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে আমি মুক্তি পাই।’
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বলেন, ‘কিছু শ্রমিক ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে আটকে রাখেন। পরে তাঁকে উদ্ধারের ব্যবস্থা করি।’
গত শনিবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম সরদার বাসচাপায় নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আগুনে পুড়িয়ে দেয়।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, সমঝোতার চেষ্টা চলছে। আগামীকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা হবে।