দুর্বৃত্তের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় অভিযুক্ত বখাটেকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বুধবার দুপুরে স্কুলের সামনে ছাত্রীটিকে ছুরিকাঘাত করে এক বখাটে। স্বজনেরা বলেছেন, ছাত্রীটিকে উত্ত্যক্ত করা ওবায়েদ নামের ওই বখাটে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজি দোকানের কর্মচারী। ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন সুরাইয়া আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, ছাত্রীটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য নেফ্রোলজি, হেমাটোলজি ও সার্জারি বিভাগের তিনজন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী রাস্তার ওপারে যাওয়ার জন্য পদচারী-সেতুতে ওঠে। পদচারী-সেতুর মাঝামাঝি পৌঁছালে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছাত্রীটির চিৎকারে স্কুলের শিক্ষার্থীরা ও কয়েকজন অভিভাবক ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে আসেন তার মা-বাবা ও স্বজনেরা
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ছাত্রীর মা ওবায়েদকে আসামি করে মামলা করেছেন।