রাঙামাটিতে বোমা হামলায় গুরুতর আহত জনসংহতি সমিতি-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের তিন কর্মীকে গত রোববার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞরা পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর ছোড়া বিস্ফোরকটি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা বলে নিশ্চিত করেছেন। বোমা হামলার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাও হয়নি।ঢাকায় পাঠানো পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা হলেন: জীবন চাকমা, বাবুধন চাকমা ও কামনাশীষ চাকমা। তাঁরা সবাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বিষয়টি নিশ্চিত করে জনসংহতি সমিতির সহ-যুববিষয়ক সম্পাদক বিধায়ক চাকমা বলেন, গতকাল দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে কামনাশীষ চাকমা ও জীবন চাকমার অস্ত্রোপচার করা হয়। পরে সেখান থেকে বাবুধন চাকমাকে হূদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে বিধায়ক চাকমা বলেন, বোমা বিস্ফোরণে জীবন চাকমার দুই পা হাড়সহ ক্ষতবিক্ষত হয়েছে। বাঁ পা কেটে ফেলতে হতে পারে। পেটেও জখম হয়েছে। কামনাশীষের এক হাত ও এক পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কাঁধে জখম হয়েছে। বাবুধনের দুই হাত ভেঙেছে ও পেটে মারাত্মক জখম হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বোমা হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো মামলাও হয়নি।ওসি বলেন, রোববার রাতে চট্টগ্রাম থেকে সিআইডির বিশেষজ্ঞরা রাঙামাটি পৌঁছানোর পরপরই ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁরা নিশ্চিত হয়েছেন, বিস্ফোরকটি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা। এটা পেট্রলপাম্পের পাকা মেঝেতে পড়ে বিস্ফোরিত হয়। মামলার ব্যাপারে জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, বোমা হামলার ঘটনায় আজ মঙ্গলবার মামলা করা হবে।রোববার বিকেল পৌনে চারটার দিকে রাঙামাটি শহরের কল্যাণপুর মুখ এলাকার একটি পেট্রলপাম্পে বাসের সামনে অপেক্ষমাণ পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর বোমা হামলা চালিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় আহত হন পাহাড়ি ছাত্র পরিষদের ১৩ জন কর্মী ও বাসচালকের এক সহকারী।