মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার তাদের চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের ভারতে নেওয়া হবে বলে জানা গেছে। আহত ছাত্ররা হচ্ছে, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র নয়নচন্দ্র শীল, জুয়েল বড়ুয়া ও রায়হান উদ্দিন। গত ১১ জুলাই সংঘটিত ওই দুর্ঘটনায় ৩৯ জন ছাত্রসহ নিহত হয় ৪১ জন। আহত হয় ২৮ জন ছাত্র। আহত ছাত্রদের চিকিৎসার তদারকি করছেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, উন্নত চিকিৎসা দেওয়া না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন। তিনি বলেন, তাদের অবস্থা এতটাই খারাপ যে এ মুহূর্তে বিমানে নেওয়ার মতো শারীরিক সুস্থতাও তাদের নেই। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর একটু উন্নতি হলেই তাদের ভারতে নেওয়া হবে। গতকাল তাদের সবার পাসপোর্ট তৈরি হয়েছে বলে তিনি জানান।গিয়াস উদ্দিন এই তিন ছাত্রের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান।