প্রায় এক মাস আগে মিরসরাইয়ে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও দুই ছাত্রকে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো: জুয়েল বড়ুয়া ও নয়ন শীল। জুয়েলকে গতকাল মঙ্গলবার ও নয়নকে গত সোমবার ভর্তি করা হয়। দুজনই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ভর্তি হওয়া দুই ছাত্র আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানান।হাসপাতাল সূত্র জানায়, গত ১১ জুলাই দুর্ঘটনার পরপর আরও অনেকের সঙ্গে এই দুই ছাত্রকে চট্টগ্রামে এনে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ পর অবস্থার অবনতি হওয়ায় তাদের আবার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানায়, জুয়েলের চোখ, বুক ও শরীরের বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘জুয়েলের সিটি স্ক্যান করাতে দিয়েছি। ওই রিপোর্ট এলে মন্তব্য করা যাবে।’নয়ন এখন হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তনিমা জানান, নয়ন নানা রকমের জটিলতায় ভুগছে। তার মা নীলিমা শীল বলেন, ‘আমার ছেলেটা শুধু ছটফট করে। তার বাম পাশটা অবশ হয়ে আছে।’প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে খেলা শেষে স্কুলে ফেরার পথে আবুতোরাব এলাকায় একটি ট্রাক খাদে পড়ে গেলে ৩৮ ছাত্রসহ মোট ৪১ জন নিহত হয়।