আহত দুই শ, ৪৪ জন আওয়ামী লীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মী ও শিক্ষার্থীদের দেখতে গতকাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলামসহ চার শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।  ছবি: ফোকাস বাংলা
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মী ও শিক্ষার্থীদের দেখতে গতকাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলামসহ চার শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। ছবি: ফোকাস বাংলা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার। ওই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সংঘর্ষে আহত হন দেড় শ জন। আহত ব্যক্তিদের মধ্যে যেমন ছিল কিশোর-তরুণেরা, তেমনি ছিলেন দলীয় নেতা–কর্মীরাও। পরের দুদিনে আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, পথচারী, পুলিশসহ আরও অনেকে।

আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে চারজন চোখে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে একজন হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শেখ আরাফাতুল ইসলাম। তিনি বাঁ চোখে দেখতে পাচ্ছেন না। গতকাল মঙ্গলবার আরাফাত প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি শিক্ষার্থীদের শান্ত করতে যাচ্ছিলেন। এ সময় ‘দুষ্কৃতকারী’দের ছোড়া পাথরের টুকরো তাঁর চোখে লাগে। এই দুষ্কৃতকারী কারা—এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। পরিবেশ ঘোলাটে করে যারা শিক্ষার্থীদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খেতে চায়, তারাই দুষ্কৃতকারী।’

আরাফাত ছাড়াও আরও যে তিনজন চোখে আঘাত পেয়েছেন, তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ৬ আগস্ট বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের হামলায় তাঁরা আহত হন। তাঁদের তিনজনের চোখেই স্প্লিন্টারের আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় সোমবার তাঁরা অ্যাপোলো হাসপাতালে যান। হাসপাতাল সূত্র জানায়, ওই তিনজনকেই তারা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়েছে।

শনিবার আহত শিক্ষার্থীদর বড় অংশ চিকিৎসা নেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসা সমন্বয়ক আনহারুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ৪০-৪৫ জনকে চিকিৎসা দেন। যারা চিকিৎসা নিয়েছে, তাদের বড় অংশই ছিল স্কুল-কলেজের শিক্ষার্থী। বয়স ১৮ বছরের নিচে। এদের বড় অংশ এসেছিল ‘অ্যানজাইটি নিউরোসিস’–এ আক্রান্ত হয়। তারা প্রচণ্ড ভয় পেয়েছিল। অনেকেই কথা বলতে পারছিল না। হাসপাতালের অন্য রোগীদের আত্মীয়স্বজনেরা শিশু-কিশোরদের পানি-বিস্কুট খাইয়েছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়।

পরদিন ওই হাসপাতালে ২০ জনের মতো চিকিৎসা নেন। তাঁদের প্রায় সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের গালে ও মাথায় ক্ষত ছিল। চিকিৎসা নিয়ে সেদিনই তাঁরা হাসপাতাল ছাড়েন। নিরাপত্তা সংকট থেকে তাঁরা হাসপাতাল ছাড়েন।

হাসপাতালের একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বলে, ৪ আগস্ট আওয়ামী লীগেরও দু-চারজন তাদের কাছে চিকিৎসা নেন। পুরো সময়টা তাদের মারাত্মক উৎকণ্ঠায় কাটে। একদিকে আহত শিশু-কিশোর, অন্যদিকে প্রাপ্তবয়স্করা। পরদিন যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসেন, তখন লাঠি হাতে কয়েকজন হাসপাতালের বাইরে পাহারা দিচ্ছিলেন। একজন রোগীর আত্মীয় হাসপাতালের ভেতর থেকে ভিডিও করলে, লাঠি হাতে কয়েকজন যুবক হাসপাতালের ভেতরে ঢুকে ওই নারীকে মারধরের চেষ্টা করেন।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চিকিৎসা নেন ধানমন্ডি ৩ নম্বরের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উল্টো দিকের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর এম সামিউল ইসলাম বলেন, তাঁদের হাসপাতালে একজন পথচারী ও একজন পুলিশ সদস্যসহ মোট ৪৬ জন চিকিৎসা নেন। আহত ব্যক্তিদের বড় অংশের বয়স ছিল ৩০ থেকে ৪০–এর কোঠায়। মাত্র দুজনের বয়স ২৫–এর কম। অনেকেই আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে আক্রান্ত। তাঁরা সংঘর্ষে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। একজন সংঘর্ষের সময়ই হৃদ্‌রোগে আক্রান্ত হন, অন্যজনের আগেই বাইপাস সার্জারি ছিল। মোট সাতজন হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আহত ব্যক্তিদের অনেকেই হাসপাতাল থেকে যেতে চাইছিলেন না। তাঁরা মনে করছেন, অঙ্গপ্রত্যঙ্গ ভাঙা বা বড় আঘাত আছে—হাসপাতালের এমন সনদ তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দিতে সাহায্য করবে। সতর্কতা থেকে হাসপাতাল কর্তৃপক্ষও প্রত্যেকের এক্স–রে করে রেখেছে।

তবে দ্বিতীয় দিন এই হাসপাতালে আর কেউ ভর্তি হননি। ওই দুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ২৭ জন। তবে তাঁদের কেউই হাসপাতালে ভর্তি নেই বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন।

এ ছাড়া ৬ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪০ ছাত্র আহত হয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনজন। তাঁদের মধ্যে পুলিশ সদস্য শেখ শাহানুর ও অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোসাংবাদিক এম এ আহাদ এখনো ভর্তি আছেন। হাসপাতালের কমিউনিকেশন ডিরেক্টর শাগুফা আনোয়ার জানান, আহাদের আঘাতটা ছিল মাংসপেশিতে। কিডনি জটিলতার আশঙ্কা ছিল। এখনো আশঙ্কামুক্ত বলা যাবে না। তাঁর চিকিৎসা চলছে।

এর বাইরেও পুলিশি ঝামেলা এড়াতে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকেই।